Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

উত্তপ্ত ফলতায় পথ অবরোধ 

0 63,773,290

ভোটপর্ব মিটে গেলেও হিংসার আগুন থামছে না দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। নির্বাচনের পরবর্তী হিংসা, বিজেপি সমর্থকদের উপর বর্বরোচিত হামলা এবং ভোটাধিকারে বাধার অভিযোগে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল ফলতা বিধানসভার বঙ্গনগর ২ নম্বর পঞ্চায়েতের হাশিমনগর এলাকা। মারধর ও হুমকির প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী ও বিজেপি কর্মীরা এদিন ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাঁদের দাবি, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন বেছে বেছে এলাকার বিজেপি সমর্থকদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। বঙ্গনগর এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, তৃণমূলের এক প্রভাবশালী পঞ্চায়েত প্রধানের সরাসরি নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। অভিযোগ উঠেছে যে, ভোটের আগে থেকেই বাসিন্দাদের শাসানো হচ্ছিল যাতে তাঁরা বুথমুখী না হন। এলাকাবাসীর বক্তব্য, “২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ঠিক একইভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ভেবেছিলাম এবার কেন্দ্রীয় বাহিনী থাকায় হয়তো পরিস্থিতি বদলাবে, কিন্তু শাসকদলের সন্ত্রাস এবার সব সীমা ছাড়িয়ে গিয়েছে।” আরও মর্মান্তিক অভিযোগ এই যে, বহু মানুষ ভোট দিতে না পারা সত্ত্বেও নির্বাচনের পর তাঁদের বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়েছে এবং এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে হাশিমনগর। নির্যাতিত পরিবারগুলি এবং বিজেপি কর্মীরা ১১৭ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু জরুরি পরিষেবার গাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। তিনি সরাসরি তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের অনুগামীদের দিকে আঙুল তুলে বলেন, “ফলতায় গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের মদতেই তৃণমূলের প্রধান এবং তাঁর দলবল সাধারণ মানুষের উপর চড়াও হচ্ছে। যারা ভোট দিতে বাধা দিচ্ছে এবং মারধর করছে, সেই অভিযুক্ত প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে এবং আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ লড়াই চলবে।”

উল্লেখ্য, নির্বাচনের দিন থেকেই ফলতা বিধানসভা ছিল শিরোনামে। এখানে শাসক ও বিরোধী দলের সংঘাতের পাশাপাশি পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সঙ্গে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের তীব্র বাদানুবাদ দানা বেঁধেছিল। বেশ কিছু বুথে ইভিএম-এর উপর বিজেপি ও অন্যান্য বিরোধী দলের প্রতীকের জায়গায় সেলোটেপ সাঁটিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় রাজ্যজুড়ে যে যে বুথগুলিতে পুনর্নির্বাচনের জোরালো দাবি উঠেছে, তার মধ্যে একটি বড় অংশই রয়েছে ফলতা বিধানসভা এলাকায়।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা ইসরাফিল সর্দার দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও স্তরের কর্মীর কোনও সম্পর্ক নেই। তাঁর পাল্টা দাবি, এটি বিজেপির আদি ও নব্যের লড়াই অথবা কোনও ব্যক্তিগত বিবাদের ফল হতে পারে। ষড়যন্ত্র করে তৃণমূলের নাম জড়ানো হচ্ছে।

শুক্রবার দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছোয় ফলতা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করার লিখিত আশ্বাস দেওয়া হয়। এরপরই দুপুরের দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ফলতার এই অশান্তি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper