Khabor Ekhon
পূর্ব মেদিনীপুরে নির্ণায়ক বামেরা
একুশের বিধানসভা নির্বাচনে কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হওয়া বামেরা কি তবে চব্বিশের মহাযুদ্ধে স্বমহিমায় ফিরছে? অন্তত পূর্ব মেদিনীপুরের চার বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ সেই ইঙ্গিতই দিচ্ছে। জেলা রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, খেজুরি, হলদিয়া, মহিষাদল এবং পাঁশকুড়া পূর্ব আসনে তৃণমূল ও বিজেপির ভাগ্য নির্ধারণে প্রধান ফ্যাক্টর হতে চলেছে সিপিএম। এক সময়ের এই লালদুর্গে গত কয়েক বছরে যে ‘রাম-বাম’ সমীকরণের কথা শোনা যেত, এবার তার রাশ টেনে বাম ভোট নিজেদের বাক্সে ফেরাতে জেলা নেতৃত্ব অনেকটাই সফল হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পাঁশকুড়া পূর্ব আসনে এবার বামেদের তুরুপের তাস প্রাক্তন বিধায়ক তথা যুব নেতা শেখ ইব্রাহিম আলি। ২০১৬ সালে তৃণমূলের প্রবীণ নেতা বিপ্লব রায়চৌধুরীকে পরাজিত করে চমক দিয়েছিলেন তিনি। যদিও ২০২১-এর ঝড়ে তাঁর ভোট প্রাপ্তির হার নেমে এসেছিল মাত্র ৮ শতাংশে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। প্রচারে ইব্রাহিমের জনসভাগুলোতে ভিড় চোখে পড়ার মতো ছিল। তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মাঝেও তিনি নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন। স্থানীয়দের মতে, পাঁশকুড়া পূর্বের সংখ্যালঘু ও গ্রামীণ ভোটের একটি বড় অংশ যদি ইব্রাহিমের দিকে ঘোরে, তবে শাসক ও বিরোধী— উভয় শিবিরের জয়ের অঙ্ক ওলটপালট হয়ে যেতে পারে।
অন্য দিকে, খেজুরির দিকে তাকিয়ে রয়েছে গোটা জেলা। একদা আন্দোলনের কেন্দ্রবিন্দু এই জনপদে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাসকে ঘিরে এবার লাল শিবিরে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। গত নির্বাচনে হিমাংশুবাবু পেয়েছিলেন মাত্র ৩.৬৫ শতাংশ ভোট। বাম নেতৃত্বের দাবি, খেজুরিতে ‘রামে’ চলে যাওয়া বাম ভোট ফেরানোর জন্য হিমাংশু দাস নিরলস পরিশ্রম করেছেন। নিষ্ক্রিয় হয়ে যাওয়া বহু কর্মীকে তিনি আবার রাস্তায় নামাতে পেরেছেন। খেজুরির বুথে বুথে এবার লাল ঝাণ্ডার উপস্থিতি শাসকদল তৃণমূল এবং বিরোধী বিজেপি— দুই পক্ষকেই চিন্তায় রেখেছে। হিমাংশু দাসের ভোট প্রাপ্তির হার যদি লক্ষ্যণীয়ভাবে বাড়ে, তবে খেজুরির ফল চমকপ্রদ হতে পারে।
শিল্পনগরী হলদিয়াতেও এবার সিপিএমের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা জোরালো। এক সময়ের দাপুটে বাম দুর্গ হলদিয়া গত বিধানসভা ও লোকসভায় গেরুয়া শিবিরের দখলে চলে গিয়েছিল। এবার সেখানে বিজেপির ঘর ভাঙা তাপসী মণ্ডলের বিরুদ্ধে সিপিএমের অশোক পাত্র যে ভাবে প্রচার চালিয়েছেন, তাতে শিল্পাঞ্চলের শ্রমিক শ্রেণির একাংশ আবার কাস্তে-হাতুড়ি চিহ্নের দিকে ঝুঁকতে শুরু করেছে। ২০২১ সালে হলদিয়ায় ১০ শতাংশ ভোট ধরে রেখেছিল বামেরা। এবার সেই শতাংশের হার আরও বাড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। একইভাবে মহিষাদল আসনে আন্দোলনের পরিচিত মুখ পরিতোষ পট্টনায়েকের লড়াই নজর কেড়েছে। খেটে খাওয়া মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা মহিষাদলের ভোট যুদ্ধে তৃতীয় কোণ তৈরি করেছে। গতবার এই আসনে ৭ শতাংশ ভোট পেয়েছিল সিপিএম, যা এবার বাড়লে জয়-পরাজয়ের ব্যবধান নির্ণয় করবে বামেরাই।
খেজুরির হেঁড়িয়া পার্টি অফিসে বসে হিমাংশু দাস অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন যে, একুশের তুলনায় এবার তাঁরা অনেক বেশি সংগঠিত। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করছে যে মানুষ বিকল্প খুঁজছে। ৪ জুনের গণনা কেবল তৃণমূল বা বিজেপির শক্তিক্ষয় নয়, বরং পূর্ব মেদিনীপুরের মাটিতে বামেদের পুনরুত্থানের সাক্ষী থাকবে কি না, এখন সেটাই দেখার। শাসক ও বিরোধী দুই শিবিরই গোপনে হিসেব কষছে— বামেরা ঠিক কত ভোট কাটবে এবং তাতে কার লাভ বা কার লোকসান হবে। দিনশেষে এই চার আসনে ‘নির্ণায়ক’ হিসেবে লালপার্টির উত্থান জেলার নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

