Khabor Ekhon
মরুশহরে দিল্লির রাজকীয় প্রত্যাবর্তন
রাজস্থান রয়্যালস ২২৫-৬ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস ২২৬-৩ (১৯.১ ওভার)
কখনও ২৬৪ রান তুলেও হার, আবার কখনও ঘরের মাঠে মাত্র ৭৫ রানে অল-আউটের চরম লজ্জা—চলতি আইপিএলে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া দিল্লি ক্যাপিটালস অবশেষে দাপুটে মেজাজে জয়ে ফিরল। শুক্রবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের রান পাহাড় টপকে ইতিহাস গড়ল অক্ষর প্যাটেলের দল। ২২৫ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল দিল্লি। আইপিএলের ইতিহাসে এটিই দিল্লির সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এল তারা, সেই সঙ্গে জিইয়ে রাখল প্লে-অফের স্বপ্নও। অন্য দিকে, হারলেও ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল রাজস্থান।
ম্যাচের শুরুটা অবশ্য রাজস্থানের জন্য সুখকর ছিল না। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। ড্রেসিংরুমে ধূমপান বিতর্কে জড়িয়ে পড়া রিয়ান পরাগ এদিন ব্যাট হাতেই সমালোচনার জবাব দিলেন। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে খেললেন ৫০ বলে ৯০ রানের এক অনবদ্য ইনিংস। যশস্বী জয়সওয়াল ও বিস্ময় বালক বৈভব সূর্যবংশী দ্রুত ফিরলেও রিয়ান এবং ধ্রুব জুরেলের (৩০ বলে ৪২) ব্যাটে রাজস্থান বড় রানের স্বপ্ন দেখতে শুরু করে। শেষ দিকে প্রোটিয়া ব্যাটার ডোনোভান ফেরেরার মাত্র ১৪ বলে খেলা ৪৭ রানের টর্নেডো ইনিংস (৬টি ছক্কা ও ২টি চার) রাজস্থানকে ২২৫ রানের পাহাড়ে পৌঁছে দেয়। দিল্লির হয়ে বল হাতে নজর কাড়লেন মিচেল স্টার্ক। চোট সারিয়ে ফিরেই প্রথম স্পেলে যশস্বীকে ফেরানোর পর দ্বিতীয় স্পেলে এসে এক ওভারে থিতু হয়ে যাওয়া রিয়ান পরাগ ও রবীন্দ্র জাদেজাকে তুলে নিয়ে রাজস্থানের রানের গতিতে রাশ টানেন তিনি। ৩ উইকেট নিয়ে স্টার্ক প্রমাণ করলেন কেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়।
জবাবে রান তাড়া করতে নেমে দিল্লির দুই ওপেনার কেএল রাহুল ও পাথুম নিশঙ্কা শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন। উদ্বোধনী জুটিতেই তাঁরা তুলে ফেলেন ১১০ রান। লঙ্কান তারকা নিশঙ্কা ৩৩ বলে ৬২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেও রাহুল ছিলেন অবিচল। ৪০ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলে দিল্লির জয়ের ভিত মজবুত করে দেন তিনি। মাঝে নীতিশ রানা ১৭ বলে ৩৩ রানের ক্যামিও খেললে জয়ের পথ আরও প্রশস্ত হয়। রাহুল ও রানা আউট হওয়ার পর রাজস্থান ম্যাচে ফেরার চেষ্টা করলেও ট্রিস্টান স্টাবস (১১ বলে ১৮) এবং আশুতোষ শর্মা (১৫ বলে ২৫) অত্যন্ত ঠান্ডা মাথায় ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে দেন দলকে।
ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ১৫ বছরের বিস্ময় ব্যাটার বৈভব সূর্যবংশী বনাম মিচেল স্টার্কের লড়াই। যদিও প্রথম ওভারে স্টার্কের বল খেলার সুযোগই পায়নি বৈভব। কাইল জেমিসনের দ্বিতীয় ওভারে স্ট্রাইক পেয়ে প্রথম বলে চার মারলেও পরের ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় কিশোর প্রতিভাকে। জেমিসনের সেই উইকেট প্রাপ্তির উল্লাস যদিও ক্রিকেট মহলে কিছুটা সমালোচিত হয়েছে। তবে সব ছাপিয়ে এদিন জয়পুরে আলোচনার কেন্দ্রে থাকল দিল্লির ‘টিম গেম’। হারের হ্যাটট্রিক কাটিয়ে এই অবিশ্বাস্য জয় অক্ষরের দলের আত্মবিশ্বাসকে যে কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। মরুশহরের তপ্ত গরমে দিল্লির এই শীতল জয় আইপিএলের পয়েন্ট তালিকায় নতুন সমীকরণ তৈরি করে দিল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

