Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভবানীপুরে সম্মুখ সমর: রেওয়াজ ভেঙে বুথে মমতা, ‘ঠেলায় পড়া’ বিড়াল বলে খোঁচা শুভেন্দুর

0 77,698,373

 বঙ্গ রাজনীতির স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু এখন ভবানীপুর। দ্বিতীয় দফার নির্বাচনের ভোরেই বদলে গেল দীর্ঘদিনের চেনা সমীকরণ। সচরাচর ভোটের দিন সকালে কালীঘাটের বাড়িতে বসেই কন্ট্রোল রুমের মাধ্যমে পরিস্থিতির ওপর নজরদারি চালান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বুধবার দেখা গেল সম্পূর্ণ বিপরীত ছবি। প্রথা ভেঙে সাতসকালেই রাজপথে নেমে এলেন তিনি। আর নেত্রীর এই ‘সক্রিয়তা’ নিয়েই তীব্র শ্লেষ ছুড়ে দিলেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সাফ কথা, হারের ভয়েই আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন মমতা। বিদ্রুপের সুরে তিনি বলেন, ‘‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।’’

ভোটের দিন সাধারণত বেলা গড়ালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী। কিন্তু এদিন সকাল থেকেই তাঁর কনভয় ছুটল অলিগলিতে। চেতলা থেকে শুরু করে পদ্মপুকুর রোড— বুথে বুথে ঘুরে প্রার্থী হিসেবে ভোটার ও দলীয় কর্মীদের মনোবল বাড়াতে দেখা গেল তাঁকে। তবে এই সফরের নেপথ্যে ক্ষোভের আগুনও ছিল স্পষ্ট। আগের রাতে বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ পর্যবেক্ষকদের হানা দেওয়ার ঘটনায় রণংদেহী মেজাজে ধরা দেন মমতা। ববির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গর্জে ওঠেন। মমতার অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে। গভীর রাতে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত করে কেন মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, রাজ্যের বাইরে থেকে আসা পর্যবেক্ষকরা ভোটারদের মনে আতঙ্ক ছড়াচ্ছেন এবং তৃণমূল কর্মীদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী জানান, ইতিমধ্যেই আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে, পদ্ম শিবিরের সেনাপতি শুভেন্দু অধিকারীও এদিন সকাল থেকে ছিলেন মারমুখী মেজাজে। তিনি নিজে বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং দাবি করেন, ভবানীপুরের মানুষ এবার পরিবর্তন চাইছেন। মমতার বুথ পরিদর্শনকে কটাক্ষ করে তিনি বলেন, এতদিন ঘরে বসে ভোট করাতেন, আজ বুঝেছেন মাটি সরেছে, তাই রোদে পুড়ছেন। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল পরাজয় নিশ্চিত জেনে এখন কেন্দ্রীয় বাহিনীর ওপর দোষারোপ করার নাটক করছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য পাল্টাও দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে এবং সারা রাত তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সজাগ থেকে পরিস্থিতি সামাল দিয়েছেন। চক্রবেড়িয়া থেকে ভবানীপুরের মোড়ে মোড়ে এখন কেবলই উত্তেজনার পারদ। একদিকে মুখ্যমন্ত্রীর লড়াই নিজের গড় রক্ষার, অন্যদিকে শুভেন্দুর লক্ষ্য ‘জায়ান্ট কিলার’ হওয়া। প্রথা ভাঙা এই সকালে বুথে বুথে মমতার উপস্থিতি আর শুভেন্দুর ধেয়ে আসা বাক্যবাণ— সব মিলিয়ে ভবানীপুরের হাইভোল্টেজ লড়াই এখন আক্ষরিক অর্থেই যুদ্ধের রূপ নিয়েছে। দিনের শেষে মিত্র ইনস্টিটিউশনে মমতা ভোট দিতে যাওয়ার আগেই রাজনৈতিক পারদ যে চরম সীমায় পৌঁছে গিয়েছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই ‘ঠেলায় পড়া’ বিড়ালের রণকৌশল নাকি শুভেন্দুর আক্রমণাত্মক প্রচার— শেষ হাসি হাসে কে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper