Khabor Ekhon
হাওড়াতেও কড়া নিরাপত্তায় শুরু হলো ভোট, বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন

আজ বাংলায় দ্বিতীয় দফার ভোটে হাওড়া জেলার মোট ১৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। জেলা প্রশাসন ও জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাওড়া জেলায় এবার মোট ভোটারের সংখ্যা ৩৬,১০,৭১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮,৫০,০০৩ জন এবং মহিলা ভোটার ১৭,৫৮,৭৫৮ জন। এছাড়াও জেলায় ৮০ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট বুথের সংখ্যা ৪,৫১৮। জেলার ১৬টি আসনে মোট ১৭৯ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা জুড়ে মোট ১৮টি চত্বরে ‘মডেল পোলিং স্টেশন’ বা আদর্শ ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে যার মধ্যে বালি বিধানসভার ডন বস্কো হাই স্কুল এবং শিবপুরের বিবেক বিহার কমিউনিটি হল অন্যতম। নারী শক্তিকে প্রাধান্য দিতে জেলায় মোট ১,৩৫০টি মহিলা পরিচালিত পোলিং স্টেশন করা হয়েছে। প্রতিটি বুথে দুটি করে ওয়েবকাস্টিং ক্যামেরা রয়েছে এবং বিশেষ কিছু বুথে তিনটি ক্যামেরার মাধ্যমে জেলা কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে ‘ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ’ রয়েছে যেখানে বর্ণানুক্রমিক তালিকা দেখে ভোটাররা সহজেই নিজেদের নাম ও কক্ষ নম্বর খুঁজে পাবেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় বাহিনীর বিপুল মোতায়েন করা হয়েছে। হাওড়া কমিশনারেট এলাকায় ১১১ কোম্পানি এবং হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এলাকায় ১৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এছাড়া ইভিএম বহনকারী গাড়িগুলিতে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কমিশন সূত্রের খবর, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে জেলা জুড়ে এখনও পর্যন্ত ৬১টি মামলা রুজু হয়েছে এবং ১৪টি এফআইআর করা হয়েছে। সরকারি ও বেসরকারি সম্পত্তি থেকে প্রায় ৮০ হাজারেরও বেশি পোস্টার বা দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে। ভোট সংক্রান্ত যে কোনও অভিযোগ বা সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে টোল ফ্রি নম্বর ১৯৫০ এবং জেলা কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৬৪০২১০৫/০৪ চালু করা হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রেডিও ফ্লাইং স্কোয়াড, নাকা চেকিং, ক্যুইক রেসপন্স টিম এবং সাঁজোয়া গাড়ির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে নাকা চেকিং। কার্যত ভোট নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা শহর জুড়েই কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এদিকে, এদিন সকাল সাতটায় শুরু হয়েছে ভোটগ্রহণ। হাওড়াতেও বিভিন্ন বুথের সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

