Khabor Ekhon
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে অভিষেক জানালেন দ্বিতীয় দফাতেই বিজেপির ‘দফারফা’ হবে
দ্বিতীয় দফার মহারণে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল বাংলার মাটি। একদিকে যখন খাস কলকাতায় ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বৈরথ চরমে পৌঁছেছে, ঠিক তখনই হাওড়ার বালিতে ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের ঘটনায় নতুন করে ছড়াল উত্তেজনা। ১৪২টি আসনের এই দফায় একদিকে যেমন জাতপাতের সমীকরণ ও ভৌগোলিক বৈচিত্র্য বড় ফ্যাক্টর, তেমনই রাজনৈতিক হিংসা ও অভিযোগ-পাল্টা অভিযোগের নিরিখে এই দফাই কার্যত নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে। এদিন সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় নির্বাচন কমিশনকে আক্রমণ করে জানান, দ্বিতীয় দফাতেই বিজেপির ‘দফারফা’ হবে।
ভোটের দিন সচরাচর ঘরের বাইরে বেরোন না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারের ভবানীপুর লড়াই যে অত্যন্ত কঠিন, তা বুঝিয়ে দিয়ে সাতসকালেই রাজপথে নেমে পড়েন তিনি। ফিরহাদ হাকিমের পাড়া চেতলা থেকে শুরু করে চক্রবেড়িয়া— বুথে বুথে ঘুরে মমতা অভিযোগ করেন, বহিরাগতদের এনে ভবানীপুরে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। তৃণমূল নেত্রীর দাবি, পুলিশ পর্যবেক্ষকরা বিজেপির নির্দেশে কাজ করছেন এবং রাতের অন্ধকারে কর্মীদের বাড়িতে হানা দিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে। পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী মমতার এই বুথ পরিদর্শনকে বিদ্রুপ করে বলেন, ‘‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।’’ শুভেন্দুর দাবি, হার নিশ্চিত জেনেই মুখ্যমন্ত্রী এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। ভবানীপুরের অলিতে-গলিতে দুই শিবিরের কর্মীদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশকে বারবার হস্তক্ষেপ করতে হয়। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সারা রাত তিনি এবং নেত্রী জেগে পরিস্থিতির ওপর নজর রেখেছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, যদিও মানুষ এর যোগ্য জবাব দেবে।
কলকাতার উত্তাপের মাঝেই হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ভোট দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘ লাইন এবং বুথের অব্যবস্থাপনা নিয়ে ভোটাররা সরব হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁদের বচসা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সামরিক বাহিনী লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বাহিনীর মারে বেশ কয়েকজন ভোটার আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। বালি ছাড়াও এই দফার ৩৪টি এসসি সংরক্ষিত আসন এবং একমাত্র এসটি সংরক্ষিত আসন কল্যাণী থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। আয়তনে সবথেকে ছোট কেন্দ্র জোড়াসাঁকোতেও ছোটখাটো বচসা চললেও নজরে ছিল কল্যাণীর মতো বড় আসনগুলি। কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের অভিযোগ, পতাকা খুলে নেওয়া থেকে শুরু করে এজেন্টদের বসতে বাধা দেওয়া— সবটাই হচ্ছে পরিকল্পিতভাবে। পাল্টা বিজেপির দাবি, ছাপ্পা ভোট রুখতেই কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকা নিচ্ছে। দিনের শেষে একদিকে মমতার গড় রক্ষার লড়াই আর অন্যদিকে বালির লাঠিচার্জ— এই দুই বিপরীত মেরুর উত্তেজনা ঘিরেই দ্বিতীয় দফার ভোটের প্রথম প্রহর পার হলো। দিনভর রাজপথে থাকার ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, এক ইঞ্চি জমিও তিনি বিনা যুদ্ধে ছাড়বেন না। অন্যদিকে, কমিশনের কড়া নজরদারির মধ্যেই প্রতিটি বুথে পদ্ম ফোটানোর লক্ষ্যে মরিয়া শুভেন্দু শিবির। সব মিলিয়ে বাংলার ভোট উৎসব এখন কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

