Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাওড়ায় মমতার মহামিছিল

0 450,921,878

 

 

 

 

 

মৌমিতা সানা (হাওড়া): হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৩ এপ্রিল উত্তর হাওড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই-ভোল্টেজ রোড শো। আর সেই মেগা ইভেন্টের ঠিক ৭২ ঘণ্টা আগে শনিবার বিকেলে হাওড়ার রাজপথে কার্যত জনপ্লাবন নামিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ঠিক মুখে হাওড়া ময়দান থেকে পিলখানা পর্যন্ত তাঁর এই দীর্ঘ পদযাত্রাকে রাজনৈতিক বিশ্লেষকরা শাসকদলের এক প্রবল শক্তিপ্রদর্শন হিসেবেই দেখছেন।

এ দিন পদযাত্রাটি শুরু হয় হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে থেকে। ঘড়ির কাঁটায় তখন বিকেল। কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক নিয়ে বাঙালবাবু ব্রিজ এবং ডবসন রোড হয়ে মিছিলটি এগোয় পিলখানার দিকে। রাস্তার দু’ধারে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কারও হাতে তৃণমূলের পতাকা, কারও মুখ ঢাকা ছিল মুখ্যমন্ত্রীর আদলে তৈরি মুখোশে। মিছিল চলাকালীন মুখ্যমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে এবং মোবাইলে ছবি তুলতে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ও মৃদু হেসে হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন।

শনিবার ছিল মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি। দিনের শুরুতে হাওড়ার পাঁচলায় একটি বিশাল জনসভা করেন তিনি। এরপর বারুইপুর, ভাঙড় ও সোনারপুরে পরপর তিনটি সভা সেরে হেলিকপ্টারে করে বিকেল নাগাদ হাওড়ায় পৌঁছান। সেখান থেকেই সরাসরি পদযাত্রায় অংশ নেন। নির্বাচনের অন্তিম লগ্নে এসে যেভাবে বিরতিহীন প্রচার চালাচ্ছেন নেত্রী, তা এককথায় নজিরবিহীন। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র পেরিয়ে মিছিলটি যখন উত্তর হাওড়ায় প্রবেশ করে, তখন তাঁর সঙ্গে পা মেলাতে দেখা যায় শিবপুর কেন্দ্রের প্রার্থী রানা চট্টোপাধ্যায়, মধ্য হাওড়ার বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী অরূপ রায় এবং উত্তর হাওড়ার প্রার্থী গৌতম চৌধুরীকে।

মিছিল চলাকালীন একাধিক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ডবসন রোড। এসি মার্কেটের সামনে এক বৃদ্ধ হঠাৎই কর্ডন ভেঙে এগিয়ে এসে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন। জৈন মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় ভক্তিভরে প্রণাম জানান মুখ্যমন্ত্রী। গুলমোহর ময়দান সংলগ্ন রেল কোয়ার্টারের বাসিন্দাদের ছাদে ভিড় দেখে তাঁদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তবে এই বিপুল কর্মসূচির জেরে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। কড়া নিরাপত্তার কারণে সকাল থেকেই উত্তর হাওড়া থেকে হাওড়া ময়দানমুখী বাস, অটো এবং টোটো চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী— সকলকেই চড়া রোদে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়। এই জনভোগান্তি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

প্রাথমিক পরিকল্পনায় ছিল ইছাপুর জলট্যাঙ্ক থেকে উত্তর হাওড়া পর্যন্ত একটি বিশাল মিছিলের, যাতে একই সঙ্গে তিনটি বিধানসভা কেন্দ্র স্পর্শ করা যায়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে রুট বদলে হাওড়া ময়দান থেকে পিলখানা পর্যন্ত করা হয়। তবে সবাইকে চমকে দিয়ে পিলখানা মোড়ে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই রুট পরিবর্তন করেন। তিনি সরাসরি ঢুকে পড়েন ঘনবসতিপূর্ণ এবং মুসলিম অধ্যুষিত পিলখানা বস্তির রাস্তায়। সেখানে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বহুতল এবং চালের ছাদ থেকে মহিলারা সমানে ফুলের পাপড়ি ছুড়ে তাঁকে স্বাগত জানান। এরপর সালকিয়া চৌরাস্তা ও শ্রী অরবিন্দ রোড হয়ে শীতলা মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে মিছিল শেষ করেন তিনি। যাত্রাপথে সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগ বা সরকারি প্রকল্পের আবেদনপত্র তাঁর হাতে তুলে দিলে তিনি হাসিমুখে তা গ্রহণ করেন।

রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয় এই মিছিলের জনসমাগম। বিজেপি নেতৃত্ব দাবি করেছে, প্রধানমন্ত্রীর সভাকে ভয় পেয়ে এই মিছিল এবং সেখানে ভিড় আগের তুলনায় অনেক কম ছিল। পাল্টা তৃণমূল শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক দিয়ে রাস্তার দু’ধারে মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গিয়েছে, তাতেই স্পষ্ট যে হাওড়া আজও জোড়াফুলের দুর্গ। প্রধানমন্ত্রীর রোড শো-র আগে এই পদযাত্রা নিঃসন্দেহে লড়াইয়ের পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper