Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আগরকরের ওপরই ভরসা রাখতে চলেছে বিসিসিআই

0 81,988,024

ভারতীয় ক্রিকেট যে রদবদল চলছে, অনেকে মনে করেন তার নেপথ্যে রয়েছেন অজিত আগরকর। বিরাট কোহলি-রোহিত শর্মাদের টেস্ট বা টি-টোয়েন্টি কেরিয়ার শেষে হওয়ার জন্য গৌতম গম্ভীরের পাশাপাশি আগরকরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দাবি একদলের। তবুও বিসিসিআই কিন্তু প্রধান নির্বাচক হিসাবে ভরসা রেখেছেন প্রাক্তন পেসারের ওপরই।

ভারতীয় দল নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। তবে আগরকরের ওপর বোর্ড কর্তাদের ভরসা অটুট। আপাতত তাঁকেই প্রধান নির্বাচক রেখে দিতে চাইছে বিসিসিআই। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত আগরকরের সঙ্গে চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডের এক কর্তা বলেছেন, ‍‘আগরকরের কার্যকালে ভারতীয় দলে প্রচুর পরিবর্তন হয়েছে। কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন আগরকর। বোর্ড তাঁকেই দায়িত্বে রাখতে চাইছে। আইপিএলের মাঝে বোর্ডের সংশ্লিষ্ট কর্তা এবং আধিকারিকরা আগরকরের সঙ্গে আলোচনা করবেন।’ তিনি জানিয়েছেন, আগরকরকে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে এবং চুক্তি চূড়ান্ত হলে সরকারি ভাবে বিষয়টি ঘোষণা করবে বিসিসিআই। প্রাক্তন অলরাউন্ডার যে ভাবে ভারতীয় দলের তারকা সংস্কৃতিতে রাশ টেনেছেন, তাও খুশি করেছে বোর্ড কর্তাদের।

একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরও আগরকরের কার্যকালে ভারতীয় দল উল্লেখযোগ্য কয়েকটি সাফল্য পেয়েছে। ২০২৪ এবং ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মতো সাফল্য রয়েছে। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারতীয় দল। তাঁর কার্যকালে আইসিসি প্রতিযোগিতাগুলিতে ভারতীয় দলের পারফরম্যান্স সবচেয়ে ভালো। টেস্টে তেমন সাফল্য না এলেও সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের দাপট প্রভাবিত করেছে বিসিসিআই কর্তাদের। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে একদিনের বিশ্বকাপ রয়েছে। তার আগে বড়ো কোনও পরিবর্তনের পক্ষে নন বোর্ড কর্তারা। স্থিতাবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কর্তারা চাইছেন আগরকর এবং গম্ভীরের নেতৃত্বেই আগামী বিশ্বকাপের পরিকল্পনা এবং দল গঠনের কাজ চলুক। আগরকরের সঙ্গে জাতীয় নির্বাচক হিসাবে কাজ চালিয়ে যাবেন প্রজ্ঞান ওঝা এবং আরপি সিং। তাঁদের সঙ্গে দু’জন নতুন নির্বাচক আসতে পারেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত টেস্ট সিরিজের মাঝে হঠাৎ অবসর ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশে ফেরার পর রঞ্জি ট্রফি খেলতে বাধ্য করা হয়েছিল কোহলি এবং রোহিতকে। তবে গত বছর আইপিএলের সময় দু’জনেই হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। সেই অর্থে অস্ট্রেলিয়াতেই কোহলি, রোহিত এবং অশ্বিনের টেস্ট জীবন শেষ হয়ে গিয়েছে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর মহম্মদ শামিকেও আর জাতীয় দলের জন্য বিবেচনা করেননি আগরকর। রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে নেতৃত্ব থেকেও। ভারতীয় দলের সার্বিক পালাবদলের অন্যতম মুখ আগরকর। কিন্তু তাঁর এই সাহসী মানসিকতায় মুগ্ধ বিসিসিআই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper