AB Live News
শুটিং সেটে দুঃসাহসিক চুরি, হাতেনাতে ধরা পড়ল ভ্যানিটি ভ্যান কর্মী
রূপসা দাস: লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা তখন তুঙ্গে। চিত্রনাট্যের সংলাপে মন দিয়েছেন নায়িকা রাশি খন্না। ঠিক তখনই সেটের অন্দরে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। খোদ অভিনেত্রীর ভ্যানিটি ভ্যান থেকে উধাও হয়ে গেল নগদ ৫০ হাজার টাকা। তবে চোর বেশিদূর পালাতে পারেনি, সেটের কর্মীদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে।
শোনা গিয়েছে, শুটিং চলাকালীন যখন রাশি শট দিতে ব্যস্ত ছিলেন, তখনই তাঁর জন্য বরাদ্দ ভ্যানিটি ভ্যানের এক কর্মী সুযোগ বুঝে ব্যাগে হাত সাফাই করেন। প্রায় ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ভাগ্য সহায় ছিল না। সেটেরই দু’জন কর্মী বিষয়টি লক্ষ করেন এবং অভিযুক্তকে পালানোর আগেই ধরে ফেলেন। অভিযোগ, ধরা পড়ার পর উত্তেজিত নিরাপত্তারক্ষীরা অভিযুক্তকে উত্তম-মধ্যম দিয়ে সেট থেকে বের করে দেন।
প্রাথমিকভাবে খবর রটেছিল যে, খোয়া যাওয়া টাকাগুলি খোদ রাশির। তবে পরবর্তীতে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে, চুরি যাওয়া অর্থ আসলে রাশির নয়, বরং তাঁর ম্যানেজারের ছিল। ম্যানেজারের ব্যাগ থেকেই ওই টাকা হাতিয়েছিল অভিযুক্ত কর্মী। তবে ঘটনার সময় রাশি ওই ভ্যানিটি ভ্যানেই যাতায়াত করছিলেন বলে বিষয়টি নিয়ে শুরুতে বিভ্রান্তি ছড়ায়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র জগতের অন্দরে পেশাদারিত্ব এবং নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। হাই-প্রোফাইল শুটিং সেটে যেখানে কড়া নিরাপত্তা থাকার কথা, সেখানে ভ্যানিটি ভ্যানের মতো ব্যক্তিগত পরিসরে এই ধরনের চুরির ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে মনে করছেন অনেকে। এর আগেও বিভিন্ন সেটে দামি গয়না বা সরঞ্জাম চুরির খবর পাওয়া গেলেও, খোদ কর্মীর হাতে নগদ টাকা চুরির ঘটনাটি অন্য কলাকুশলীদের মধ্যেও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত হলেও সেটের নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

