Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটযুদ্ধের শাড়িতে রঙিন শান্তিপুর, ‘উড়ছে’ জোড়াফুল ও পদ্ম

0 5,412,987,372

রমিত সরকার (নদিয়া): রাজনীতির ময়দানে যুযুধান তৃণমূল-বিজেপি কিংবা বামেরা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেও, শান্তিপুরের তাঁত কারখানার অন্দরে এখন এক অদ্ভুত সহাবস্থান। সেখানে একই টেবিলে পাশাপাশি রাখা সাদা কাপড়ে পরম মমতায় ফুটে উঠছে জোড়াফুল আর পদ্মছাপ। বসন্ত পেরিয়ে চৈত্র সেলের ব্যস্ততার মাঝেই নদীয়া তথা বাংলার ভোটবাজারের বাড়তি চাপ সামলাতে এখন নাওয়া-খাওয়া ভুলেছেন শান্তিপুরের তাঁতশিল্পীরা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক আঁকা শাড়ির বিপুল চাহিদাই এখন এই তল্লাটের কারিগরদের অন্নসংস্থানের বড় ভরসা।
২০০০ সালের নির্বাচন থেকে শান্তিপুরে ভোটের শাড়ি তৈরির যে চল শুরু হয়েছিল, ২০২৬-এর দোরগোড়ায় এসেও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বরং এবার চাহিদার পারদ আরও চড়া। স্থানীয় জনপদ ছাড়িয়ে ভিনজেলা থেকেও আসছে ভূরি ভূরি অর্ডার। শান্তিপুরের বিশিষ্ট তাঁতশিল্পী রাজু দাসের কারখানায় এখন সাজ সাজ রব। দুটি ইউনিটে প্রায় ২০ জন শ্রমিক দিনরাত এক করে কাজ করে চলেছেন। রাজু জানান, “এখনও পর্যন্ত শুধু তৃণমূলের তরফেই প্রায় ৫ হাজার শাড়ির বরাত এসেছে। অন্য দলগুলোর অর্ডারও আছে। তবে গতবারের তুলনায় ঘাসফুল শিবিরের পাল্লা এবার বেশ ভারী।” কারখানার দীর্ঘদিনের শ্রমিক অভিজিৎ সাধুখাঁ অবশ্য জানালেন এক বিষণ্ণ তথ্য— গতবারের তুলনায় এবার বামেদের ফরমাশ অনেকটাই কম। বিগত ১৫ দিন ধরে টানা কাজ চলছে শান্তিপুরের এই কর্মশালাগুলোতে। দৈনিক গড়ে ৫০ থেকে ৬০টি শাড়ি তৈরি হচ্ছে। বাজার চলতি ফ্যাশন আর পকেটের কথা মাথায় রেখে এবার সুতির সঙ্গে পলিয়েস্টার মিশ্রিত কাপড় ব্যবহার করা হচ্ছে, যাতে শাড়িগুলো দীর্ঘস্থায়ী এবং সাশ্রয়ী হয়। গত দু’মাস ধরে অতি যত্নে তৈরি করা হয়েছে ব্লক প্রিন্টিংয়ের বিশেষ ডাইস। সেই ডাইসের ছোঁয়ায় শাড়ির আঁচল আর জমিনে জীবন্ত হয়ে উঠছে রাজনৈতিক ট্যাগলাইন। তৃণমূলের শাড়িতে যেমন উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে ‘যতই করো হামলা, এবার জিতবে বাংলা’ কিংবা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সাফল্যগাথা, তেমনই অন্য শাড়িতে ফুটে উঠছে পদ্ম কিংবা কাস্তে-হাতুড়ি। শান্তিপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী তাঁতশিল্প বর্তমানে এক গভীর সংকটের মুখে। সারাবছর সিল্ক পেন্টিং বা ধোলাইয়ের কাজে যে নামমাত্র আয় হয়, তাতে বহু শ্রমিকেরই সংসার চালানো দায় হয়ে পড়েছে। কাঁচামালের ঊর্ধ্বগতি আর শ্রমের সঠিক দাম না মেলায় অনেক শিল্পীই পেশা বদলের কথা ভাবছেন। এই খরার মরসুমে বিধানসভা নির্বাচনের এই বিপুল বরাত যেন শান্তিপুরের তাঁত পাড়ায় সঞ্জীবনী সুধার মতো কাজ করছে। ভোটের ময়দানে শেষ হাসি যার মুখেই ফুটুক না কেন, শান্তিপুরের রাজু বা অভিজিৎদের মুখে আপাতত হাসি ফুটিয়েছে রাজনৈতিক দলগুলোর এই বৈচিত্র্যময় ফরমাশ। এই কয়েকটা দিন বাড়তি রোজগারের আশায় তুলি আর ডাইস হাতেই বাংলার ভোটযুদ্ধে শামিল হয়েছেন এই প্রান্তিক কারিগরেরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper