Khabor Ekhon
বিজেপিকে ৫০-এর নিচে নামাব, গোসাবা থেকে হুঙ্কার অভিষেকের
শিবনাথ দাস, (গোসাবা): “বিজেপি যতই এসআইআর (SIR) বা এফআইআর (FIR) করুক, এবার ওদের আসন সংখ্যা ৫০-এর নিচে নামিয়ে ছাড়ব।” রবিবার গোসাবার কাছারি ময়দানে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে এই ভাষাতেই বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে তিনি স্পষ্ট করে দেন, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— সর্বত্রই ঘাসফুল শিবিরের দাপটে পদ্ম শিবিরের “হাত-পা ভাঙা” এখন স্রেফ সময়ের অপেক্ষা। অভিষেক দাবি করেন, দ্বিতীয় দফার ভোটে কলকাতা এবং দুই ২৪ পরগনার মানুষ “বহিরাগত জমিদারদের” মেরুদণ্ড ভেঙে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে।
গত ১৫ দিন ধরে কোচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত প্রচারের অভিজ্ঞতা টেনে অভিষেক বলেন, মানুষের যে অভূতপূর্ব সমর্থন তিনি দেখছেন, তাতে চতুর্থবারের জন্য তৃণমূল সরকার গঠন নিশ্চিত। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ‘বহিরাগত জমিদার’ আখ্যা দিয়ে তিনি বলেন, “দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে বাংলাকে বঞ্চিত করার দিন শেষ। মোদী সরকার ৪০০ টাকার গ্যাস ১০০০ টাকায় বিক্রি করে গরিবের পকেট কাটছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রীর মাধ্যমে মানুষের পাশে থাকছে।” গোসাবার ঘরের ছেলে সুব্রত মণ্ডলের সঙ্গে বিজেপির প্রার্থীর তুলনা টেনে তিনি বলেন, “আমাদের প্রার্থী মাটির লোক, এলাকা চেনেন। আর বিজেপির প্রার্থী এখানকার খাল-বিলও চেনেন না। ৫ তারিখের ভোটের পর অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ওদের খুঁজে পাওয়া যাবে না।”
এদিন ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন অভিষেক। তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, যাঁদের নাম কাটা গিয়েছে, তাঁদের পাশে দাঁড়িয়ে পুনরায় নাম তোলার ব্যবস্থা করতে। তাঁর অভিযোগ, তৃণমূলকে দুর্বল করতে বিজেপি অর্থশক্তি প্রয়োগ করছে এবং এসআইআর-কে হাতিয়ার করছে। তবে এই ষড়যন্ত্র ধোপে টিকবে না জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, “নরেন্দ্র মোদী মানুষকে লাইনে দাঁড় করাতে ভালোবাসেন। এবার মানুষ লাইনেই দাঁড়িয়ে ইভিএমে এর যোগ্য জবাব দেবে।” জনসভার শেষে তাঁর প্রত্যয়ী ঘোষণা, আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল, আর বিজেপিকে পঞ্চাশের গণ্ডি পেরোতে দেবে না বাংলার মানুষ। অভিষেকের এই আক্রমণাত্মক মেজাজ এবং ‘পঞ্চাশের নিচে’ নামানোর হুঁশিয়ারি ভোটমুখী বাংলায় রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। এখন দেখার, ৪ মে-র ফলাফলে অভিষেকের এই ভবিষ্যদ্বাণী কতটা প্রতিফলিত হয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

