Khabor Ekhon
৪ মে-র পর দেখা হবে, রায়নায় ‘গদ্দার’দের হুঁশিয়ারি অভিষেকের
সত্যনারায়ণ শিকদার (বর্ধমান): একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় ১৬-০ ব্যবধানে জয়ের সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে এবার চাণক্য নীতি নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রায়নার শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থী মন্দিরা দোলুইয়ের সমর্থনে আয়োজিত জনসভা থেকে দলের অন্দরে ঘাপটি মেরে থাকা ‘গদ্দার’দের কড়া ভাষায় সতর্ক করলেন তিনি। অভিষেকের সাফ কথা, “দলের খেয়ে যারা রাতের অন্ধকারে বিজেপির থেকে টাকা নিয়ে জোড়াফুলকে দুর্বল করার চেষ্টা করছেন, তাঁদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।”
নির্বাচনী প্রচারে এদিন রায়নার নিচুতলার কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে বিজেপির সঙ্গে তলে তলে হাত মেলানোর অভিযোগ তোলেন অভিষেক। সভামঞ্চ থেকে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “আমি তাঁদের সতর্ক করছি, ৪ তারিখ বিকেলের পর দেখা হবে। মনে রাখবেন, দল সবার ওপর নজর রাখে।” ২০২১ সালে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শম্পা ধারা প্রায় ১০ হাজার ভোটে জিতলেও, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড ছিল প্রায় ৪০ হাজার। এবার জেলা পরিষদের সদস্য মন্দিরা দোলুইকে প্রার্থী করে জয়ের ব্যবধান ৫০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অভিষেক।
দলের কর্মীদের এককাট্টা হওয়ার ডাক দিয়ে অভিষেক বলেন, “মানুষ তৃণমূলের সঙ্গেই আছে। যারা বেইমানি করছেন, তাঁরা ভাববেন না পার পেয়ে যাবেন। ৪ মে-র পর তাঁদের হিসেব বুঝে নেওয়া হবে।” বিধানসভা নির্বাচনের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই যে তিনি এই চরম হুঁশিয়ারি দিলেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে। জেলা জুড়ে তৃণমূলের এই শুদ্ধিকরণ অভিযান এবং অভিষেকের আক্রমণাত্মক মেজাজ বিরোধীদের পাশাপাশি দলের বিক্ষুব্ধ গোষ্ঠীগুলোকেও বড় বার্তা দিল বলে মনে করা হচ্ছে। বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে এদিন তিনি স্পষ্ট করে দিলেন, জয়ের লক্ষ্যপূরণে কোনো আপস করবে না ঘাসফুল শিবির।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

