Khabor Ekhon
বুথে নজরদারির ‘দাওয়াই’ অসিতের, বিড়ম্বনায় দেবাংশু
বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে উত্তপ্ত চুঁচুড়ার রাজনীতি। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে বেরিয়ে খোদ দলেরই বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোরালো বিতর্ক। বিরোধীদের অভিযোগ, বুথের ভেতরে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা।
আঙুলের গতিবিধিই বলে দেবে ফলাফল!
এদিন দেবাংশুর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় দলীয় কর্মীদের বিশেষত পোলিং এজেন্টদের উদ্দেশে অসিত মজুমদার বলেন:
“যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। আঙুলটা নীচে আসছে, নাকি উপরের দিকে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন জমা দিতে যাবেন, বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি।”
এই মন্তব্যের ভিডিও (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়েছে। ভোটদান একটি গোপন প্রক্রিয়া, যেখানে ভোটার কাকে ভোট দিচ্ছেন তা দেখার অধিকার কারও নেই। সেখানে পোলিং এজেন্টদের ‘আঙুল’ দেখে ফলাফল আঁচ করার নির্দেশ ভোটারদের প্রভাবিত করা এবং নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখানো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অসিতের নিশানায় ‘তিনদিনকার যোগী’ রচনা
বিতর্ক শুধু বুথ দখল বা নজরদারিতেই সীমাবদ্ধ থাকেনি। টিকিট না পেয়ে ক্ষুব্ধ তিনবারের বিদায়ী বিধায়ক সরাসরি আক্রমণ শানিয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রচনার জন্য তাঁর টিকিট কাটা গিয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “ও কে? তিনদিনকার যোগী। ও থাকলে দেবাংশু হারবে, না থাকলে জিতবে।” অসিতের দাবি, শহরাঞ্চলের মানুষ অভিনেত্রীকে পছন্দ করছেন না এবং তিনি দেবাংশুর প্রচারে বেরোলে প্রার্থীর ‘ভরাডুবি’ নিশ্চিত।
চাপের মুখে তৃণমূল
চুঁচুড়ায় বিদায়ী বিধায়কের এই ‘বেফাঁস’ মন্তব্য এবং দলীয় কোন্দল দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পথে কাঁটা হতে পারে বলে মনে করা হচ্ছে। একদিকে বুথে নজরদারির বিতর্কিত দাওয়াই, অন্যদিকে সাংসদ রচনার সঙ্গে সংঘাত— সব মিলিয়ে ভোটের মুখে চুঁচুড়ায় বেশ অস্বস্তিতে শাসক শিবির। বিরোধীরা ইতিমধ্য়েই এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
অসিত মজুমদার অবশ্য আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, চুঁচুড়ার ৩৬১টি বুথেই ঘাসফুলের জয়জয়কার হবে। তবে তাঁর মন্তব্যের জেরে ভোটারদের একাংশের মধ্যে যে ভীতি বা অসন্তোষ তৈরি হয়েছে, তার প্রতিফলন ইভিএমে পড়ে কি না, সেটাই এখন দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

