Khabor Ekhon
বামেদের ১১ দফা ইস্তেহার ১০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি ও ‘অভয়া বাহিনী’র প্রতিশ্রুতি
আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ১১ দফার একগুচ্ছ জনমোহিনী ও বিকল্প ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক বৈঠকে এই ইস্তেহার তুলে ধরেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে স্থায়ী চাকরি এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ‘অভয়া বাহিনী’ গঠনের মতো বিষয়গুলি এই ইস্তেহারে বিশেষ গুরুত্ব পেয়েছে।
বামফ্রন্টের ইস্তেহারে সবথেকে বড় চমক বিদ্যুৎ বিলে ছাড়। জানানো হয়েছে, ক্ষমতায় এলে যেসব পরিবার আয়করের আওতাভুক্ত নন, তাঁদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এর পরবর্তী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে অর্ধেক দামে। পাশাপাশি, বর্তমান রাজ্য সরকারের দেওয়া মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বা যুবদের ভাতা নিয়ে ভীতি দূর করে বামেরা স্পষ্ট জানিয়েছে, এখন যাঁরা ভাতা পাচ্ছেন, তাঁদের সেই পরিষেবা কোনওভাবেই বন্ধ করা হবে না।
নিয়োগ ও কর্মসংস্থানের ব্লু-প্রিন্ট
রাজ্যের কর্মসংস্থান সংকট মেটাতে বামেদের প্রতিশ্রুতি— ‘প্রতিটি পরিবারে একজনের স্থায়ী চাকরি’।
আগামী ৫ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করা হবে।
প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি (SSC) ও পিএসসি (PSC) পরীক্ষা নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
তৃতীয় লিঙ্গের শ্রমিকদের জন্য মজুরি নিশ্চয়তার বিষয়টিকেও ইস্তেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।
প্রবীণ নাগরিকদের জন্য বামফ্রন্ট বিশেষ স্বাস্থ্যসেবা প্রকল্পের কথা জানিয়েছে। প্রবীণদের সম্মানার্থে মাসে ৬ হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া মহিলাদের নিরাপত্তায় বিশেষ নজর দিতে রাজ্যজুড়ে ‘অভয়া বাহিনী’ গড়ে তোলার কথা বলা হয়েছে ইস্তেহারে।
ইস্তেহার প্রকাশ করে বিমান বসু বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, “আরএসএস ধর্ম-বর্ণ নিয়ে বিভেদ সৃষ্টি করছে, যার একমাত্র বিকল্প বামপন্থীদের এই ইস্তেহার।” ভোটার তালিকায় নাম কাটা যাওয়া নিয়ে নির্বাচন কমিশনকেও একহাত নেন তিনি। বিমান বসুর দাবি, “শুধু মুসলিম নয়, অনেক হিন্দু ভোটারের নামও পরিকল্পিতভাবে কাটা হয়েছে। মোথাবাড়ি ও কালিয়াচকের ঘটনায় আমরা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।”
এক নজরে বামেদের প্রধান প্রতিশ্রুতিসমূহ:
১০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি (অ-আয়করদাতাদের জন্য)।
প্রতিটি পরিবারে একজন সদস্যের স্থায়ী চাকরি।
বার্ধক্য ভাতা বাড়িয়ে মাসে ৬,০০০ টাকা।
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া বাহিনী’ গঠন।
বর্তমানে চালু থাকা সমস্ত সরকারি ভাতা বজায় রাখা।
নির্বাচনী বৈতরণী পার হতে বামেদের এই ‘বিকল্প ইস্তেহার’ আমজনতার মনে কতটা রেখাপাত করে, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

