Khabor Ekhon
ভবানীপুরে অশান্তি, ৪ পুলিশ কর্তাকে সাসপেন্ড করল কমিশন
ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে অশান্তির ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে কলকাতা পুলিশের ডিসি-সহ চার দুঁদে আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড বা নিলম্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর করারও নির্দেশ দিয়েছে কমিশন।
কড়া নজরে লালবাজার
রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে পাঠানো চিঠিতে কমিশন সাফ জানিয়েছে, রবিবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দিতে হবে। সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন-
সিদ্ধার্থ দত্ত: ডিসি (২), কলকাতা পুলিশ।
প্রিয়ঙ্কর চক্রবর্তী: ওসি, আলিপুর থানা।
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়: অতিরিক্ত ওসি, আলিপুর থানা।
সৌরভ চট্টোপাধ্যায়: সার্জেন্ট।
কমিশন নির্দেশ দিয়েছে, ওই শূন্য পদগুলিতে দ্রুত নতুন আধিকারিক নিয়োগ করতে হবে। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকেও।
সূত্র মারফত জানা গিয়েছে, ভবানীপুরের ঘটনার পর রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে কলকাতার পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। এই গোলমালের ঘটনায় ইতিমধ্যেই কালীঘাট ও আলিপুর থানায় তিনটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। যার মধ্যে দুটি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে করেছে। মূলত বেআইনি জমায়েত, প্ররোচনামূলক স্লোগান এবং সরকারি নির্দেশিকা লঙ্ঘনের ধারায় মামলা রুজু হয়েছে।
গত বৃহস্পতিবার হাজরা মোড় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মেগা রোড শো শুরু হয়। মিছিলটি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিল, তখনই পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগ, সেখানে তৃণমূল কর্মী-সমর্থকরা কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরাও। দু’পক্ষের বচসা দ্রুত হাতাহাতি ও ধস্তাধস্তির রূপ নেয়।
হাই-প্রোফাইল এই মিছিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কেন ব্যর্থ হলো, তা নিয়েই প্রশ্ন তুলেছে কমিশন। প্রশাসনের একাংশের মতে, নির্বাচনের মুখে পুলিশের শীর্ষ কর্তাদের ওপর এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

