Khabor Ekhon
আইনি জট ও ফতোয়া: নোরার ‘চুনর’ বিতর্কে উত্তাল দেশ, স্পিকটি নট সঞ্জয়!
রূপসা দাস: রুপোলি পর্দার চটকদার নাচে তিনি যতটা পটু, বিতর্কের তাল মেলাতেও যেন ততটাই সিদ্ধহস্ত। সঞ্জয় দত্তের ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষমেশ নতিস্বীকার করতে হলো নোরা ফতেহি ও ছবির নির্মাতাদের। গানের কথা ও দৃশ্য ‘অশালীন’ ও ‘যৌন উদ্দীপক’— এই অভিযোগে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের আপত্তিতে কেন্দ্র গানটি নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এমনকি মুসলিম পার্সোনাল দারুল ইফতার পক্ষ থেকে নোরার বিরুদ্ধে ফতোয়াও জারি করা হয়েছে।
‘ভাষার দখল নেই’, সাফাই নোরার
বিতর্ক তুঙ্গে উঠতেই গত বুধবার প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন নোরা। তাঁর দাবি, কন্নড় ভাষায় দখল না থাকায় তিনি গানের কথার গূঢ় অর্থ বুঝতে পারেননি। শুটিংয়ের সময় নির্মাতারা তাঁকে যা বুঝিয়েছিলেন, তা কুরুচিকর মনে হয়নি। তবে হিন্দি সংস্করণের ভাষা অত্যন্ত অসংযত বলে মেনে নিয়েছেন তিনি। জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যেই নোরাকে সমন পাঠিয়েছে। তবে নোরার সহ-অভিনেতা সঞ্জয় দত্ত এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। জানা গেছে, গানের একটি মার্জিত সংস্করণ তৈরি না হওয়া পর্যন্ত এটি আর দেখা যাবে না।
সুকেশকাণ্ড থেকে কোভিড বিধিভঙ্গ
তবে এই প্রথম নয়, বিতর্কের সঙ্গে নোরার সখ্য দীর্ঘদিনের। ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় জেলবন্দি ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। সুকেশের দাবি ছিল, নোরাকে তিনি বহুমূল্য উপহার দিয়েছেন। যদিও নোরা বরাবরই দাবি করেছেন, সুকেশের আসল পরিচয় জেনেই তিনি সম্পর্ক ছিন্ন করেন। ২০২১ সালে কোভিড আক্রান্ত থাকাকালীন কোয়ারেন্টিন বিধি ভেঙে বাইরে ঘোরার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে, যা নিয়ে নেটপাড়ায় তীব্র সমালোচনা হয়।
প্রেমের ‘তালি’ ও ভাঙা মন
নোরার ব্যক্তিগত জীবনও কম চর্চিত নয়। অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্কের কথা বি-টাউনের ওপেন সিক্রেট ছিল। কিন্তু সেই প্রেম পরিণতি পাওয়ার আগেই অঙ্গদ অন্যকে বিয়ে করলে ভেঙে যায় নোরার মন। এছাড়া ‘বিগ বস ৯’-এ থাকাকালীন প্রিন্স নারুলার সঙ্গে নাম জড়ানো, কিংবা মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির প্রেমে পড়ার গুঞ্জন— তালিকাটা বেশ দীর্ঘ। সম্প্রতি ভূষণ কুমারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও জলঘোলা কম হয়নি।
সহকর্মীকে অপমান ও আলটপকা মন্তব্য
নাচের রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা’-তে অংশ নেওয়ার সময় কোরিওগ্রাফার সলমন ইউসুফ খানকে অপমান করার অভিযোগও উঠেছিল নোরার বিরুদ্ধে। নিন্দুকদের মতে, বারবার বিতর্কে জড়িয়ে প্রচারের আলোয় থাকতেই পছন্দ করেন এই মরোক্কান সুন্দরী। তবে এবারের ‘চুনর’ বিতর্ক তাঁর কেরিয়ারে কোনো বড়সড় আঁচ ফেলে কি না, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

