Khabor Ekhon
মেট্রোয় নিষিদ্ধের লম্বা তালিকা না মানলে জেল-জরিমানা

গঙ্গার তলা দিয়ে ছুটছে ট্রেন, শহরের সীমানা ছাড়িয়ে মেট্রো এখন পৌঁছে গিয়েছে মফস্বলের দোরগোড়ায়। যাত্রীসংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জও। কিন্তু দেখা যাচ্ছে, নতুন রুটের বহু যাত্রীই মেট্রোর নিয়মকানুন সম্পর্কে সম্যক ওয়াকিবহাল নন। ব্যাগে কাঁচা মাছ-মাংস থেকে শুরু করে কুঠার-শাবল নিয়ে স্টেশনে ঢুকে পড়ছেন অনেকে। এই বিশৃঙ্খলা রুখতে এবার কোমর বেঁধে নামল মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি স্টেশনে টাঙিয়ে দেওয়া হল ‘নিষিদ্ধ বস্তুর’ দীর্ঘ তালিকা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ম ভাঙলে শুধু জরিমানা নয়, হতে পারে শ্রীঘর বাসও।
আরপিএফ (RPF) সূত্রের খবর, প্রতিদিন কয়েক লক্ষ মানুষ মেট্রো পরিষেবা ব্যবহার করেন। সম্প্রসারিত রুটে এমন অনেক যাত্রী আসছেন যাঁরা পেশায় রাজমিস্ত্রি বা কারিগর। তাঁদের ব্যাগে প্রায়শই থাকছে ছেনি, হাতুড়ি, শাবল বা কড়াই। স্ক্যানারে ব্যাগ ঢোকাতে গেলেই বাধছে বিপত্তি। নিয়ম মেনে নিরাপত্তা কর্মীরা বাধা দিলেই শুরু হচ্ছে বচসা। এই সংঘাত এড়াতেই কর্তৃপক্ষ এখন থেকে স্টেশনের প্রবেশপথে বড় হরফে নিষিদ্ধ জিনিসের তালিকা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।
যা যা নিয়ে ওঠা চলবে না-
মেট্রো রেলের জারি করা তালিকায় এমন কিছু জিনিসের নাম আছে যা শুনে সাধারণ যাত্রীরাও অবাক হতে পারেন। যেমন:
খাদ্য ও উদ্ভিদ: শীলমোহরহীন কাঁচা মাছ, মাংস। এমনকি চারাগাছ নিয়েও মেট্রোয় প্রবেশ দণ্ডনীয় অপরাধ।
সরঞ্জাম: বড় বা ছোট কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত এমনকি স্ক্রু-ড্রাইভারও নিষিদ্ধের তালিকায়।
ধারালো বস্তু: ৪ সেন্টিমিটারের বেশি লম্বা ব্লেডযুক্ত ছুরি, কাঁচি, তলোয়ার বা মাংস কাটার বড় দা।
বিস্ফোরক ও দাহ্য পদার্থ: আতশবাজি, গান পাউডার, পেট্রোলিয়াম, সব ধরনের স্পিরিট ও মদ। বড় ব্যাটারি নিয়েও ঢোকা যাবে না স্টেশনে।
বিপজ্জনক বস্তু: অ্যাসিড, বিষাক্ত রাসায়নিক, তেজস্ক্রিয় পদার্থ এবং কোনো প্রাণীর দেহাবশেষ বা হাড়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অজুহাতে আর কাজ হবে না। নিয়ম লঙ্ঘন করলে রেলওয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধরা পড়লে নূন্যতম ৫০০ টাকা জরিমানা এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মেট্রোর এক আধিকারিকের কথায়, “অনেকেই না জেনে টিকিট কেটে ফেলেন, তারপর সিকিউরিটি চেকে আটকে গিয়ে ঝামেলা করেন। এতে সাধারণ যাত্রীদেরও সময় নষ্ট হয়। এই তালিকা টাঙানোর ফলে যাত্রীরা আগেভাগেই সচেতন হতে পারবেন।”
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

