Khabor Ekhon
কমিশনের ‘বদল’ অভিযান, আরও দুই সচিবকে ভিনরাজ্যে পাঠাল দিল্লি

রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের পর এবার নজর রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ আমলাদের দিকে। বুধবার ফের রাজ্যের দুই প্রভাবশালী সচিবকে ভিনরাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানোর নির্দেশ দিল কমিশন। অসামরিক প্রতিরক্ষা দফতরের বিশেষ সচিব প্রিয়াঙ্কা শিঙ্গলা এবং শিল্প ও বাণিজ্য দফতরের সচিব পি. মোহনগান্ধীকে অবিলম্বে ভিনরাজ্যের দায়িত্ব সামলাতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে ‘পরিকল্পিত চক্রান্ত’ বলে দেগে দিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবারই পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে ভিনরাজ্যে পাঠানোর নির্দেশ এসেছিল। সূত্রের খবর, ইতিমধ্যেই ওই দুই আধিকারিক কমিশনকে চিঠি দিয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তাঁদের যুক্তি, সারা বছর সচল থাকে এমন গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ কর্তাদের সরিয়ে দিলে প্রশাসনিক কাজে চরম অচলাবস্থা তৈরি হতে পারে। কিন্তু সেই আরজি কানে না তুলেই বুধবার প্রিয়াঙ্কা শিঙ্গলা ও পি. মোহনগান্ধীকেও পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত ন নিল কমিশন।
গত রবিবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলের সুনামি বইছে।
শীর্ষ স্তর: মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন: রাজীব কুমারকে সরিয়ে রাজ্য পুলিশের নতুন ডিজি নিয়োগ এবং কলকাতা পুলিশ কমিশনার বদল করা হয়েছে।
জেলা স্তর: একাধিক জেলার জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারদের (SP) দায়িত্ব থেকে সরানো হয়েছে।
কমিশনের এই অতি-সক্রিয়তাকে বিজেপির ‘স্ক্রিপ্ট’ বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার মঞ্চ থেকেই তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আপনারা অফিসারদের সরাচ্ছেন, কিন্তু মনে রাখবেন তাঁরা সবাই আমাদের লোক। যাঁদের বদলি করেছেন তাঁরা বাংলারই অফিসার। আপনাদের চক্রান্ত সফল হবে না।” মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েও তিনি কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যের সাথে আলোচনা না করে এভাবে একতরফা বদলি আদতে ‘বাংলার অস্মিতা’র ওপর আঘাত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ম্যান পাওয়ার কাড়া যাবে না, ভোট মানুষই দেবে।”
নির্বাচন কমিশনের দাবি, অবাধ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। স্পর্শকাতর রাজ্য হিসেবে বাংলার প্রশাসনিক ব্যবস্থায় রদবদল ঘটিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাই তাঁদের লক্ষ্য। তবে রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে যেভাবে সচিবালয় ও পুলিশ প্রশাসনের ওপরতলায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে, তাতে কাজের গতি থমকে যাওয়ার আশঙ্কা প্রবল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

