AB Live News
প্রচারের বিতর্ক কাটিয়ে সাফল্যের পথে ‘চড়ক” ফেয়ার অফ ফেইথ

শুভদীপ সেন: সম্প্রতি দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বহু প্রতীক্ষিত লোককাহিনী ভিত্তিক থ্রিলার ছবি ‘চড়ক” ফেয়ার অফ ফেইথ’ নানা বিতর্ক কাটিয়ে ধীরে ধীরে সাফল্যের পথে এগোচ্ছে। পূর্ব ভারতের লোককাহিনী, রহস্য ও সাসপেন্সে ভরপুর এই ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি করেছে।বিতর্কিত ও বহুল আলোচিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র নির্মাতা সুপরিচিত চলচ্চিত্রকার সুদীপ্ত সেনের প্রযোজনায় নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক। ছবির গল্প মূলত ঐতিহ্যবাহী চড়ক উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ভৌতিক লোককাহিনী, যেখানে অন্ধ বিশ্বাস, রহস্যময় আচার এবং অজানা অন্ধকার বাস্তবতার মধ্যে ডুবে যাওয়ার এক রোমাঞ্চকর কাহিনী তুলে ধরা হয়েছে। কলকাতায় ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক সুদীপ্ত সেন, অভিনেতা সুব্রত দত্ত, সঙ্গীত পরিচালক জ্যোতি এবং ছবির অন্যান্য সদস্যরা। এই ছবিতে অভিনয় করেছেন অঞ্জলি পাতিল, সহিদুর রহমান, সুব্রত দত্ত, শশী ভূষণ, নলনীশ নীল, শঙ্খদীপ এবং শৌনক শ্যামলের মতো দক্ষ অভিনেতারা।
এই শহর ও শহরতলির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে ছবির দৃঢ় সংযোগ থাকার কারণে কলকাতায় ছবির প্রচার বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ছবির গল্প ও নির্মাণে সেই লোকঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে।
তবে ছবির প্রচারকে ঘিরে কলকাতায় কিছু বিতর্কও তৈরি হয়। বিক্ষোভকারীরা ছবির পোস্টারে কালি লাগিয়ে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, ছবিতে চড়ক উৎসবের কিছু নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে, যা এই ঐতিহ্যবাহী উৎসবকে খাটো করে দেখাতে পারে এবং একটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করতে পারে।
যদিও নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চড়ক” ফেয়ার অফ ফেইথ’ মূলত একটি লোককাহিনীভিত্তিক থ্রিলার, যেখানে ঐতিহ্যের ভেতরে লুকিয়ে থাকা কিছু অস্বস্তিকর বাস্তবতা ও কুসংস্কারের দিক তুলে ধরা হয়েছে। ছবির উদ্দেশ্য কোনো সম্প্রদায়কে আঘাত করা নয়; বরং বিশ্বাস ও কুসংস্কারের সূক্ষ্ম সীমারেখা নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করা।
সব মিলিয়ে প্রচারের বিতর্ক পেরিয়ে এখন দর্শকদের আগ্রহ ও কৌতূহলকে সঙ্গে নিয়ে সাফল্যের পথেই এগোতে শুরু করেছে ‘চড়ক” ফেয়ার অফ ফেইথ’।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

