AB Live News
অসুখী দাম্পত্য নয়, প্রেমই শ্রেষ্ঠ! বিজয়ের সঙ্গে গুঞ্জনের মাঝে মুখ খুললেন তৃষা

রূপসা দাস: বয়স চল্লিশের কোঠায়, কিন্তু গ্ল্যামার আর বিতর্কে আজও সমানে চর্চায় তৃষা কৃষ্ণন। দীর্ঘ অভিনয় জীবনে বারবার তাঁর প্রেমের খবর শিরোনামে এলেও, সম্প্রতি থলপতি বিজয়ের সঙ্গে তাঁর পরকীয়ার গুঞ্জন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়িয়ে চাউর হয়েছে গোটা দেশে। বিজয়ের বিবাহবিচ্ছেদের মামলার মাঝেই তৃষার পুরনো এক মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা— অভিনেত্রী কি আদৌ বিয়েতে বিশ্বাসী?
বিজয়-সঙ্গীতার বিচ্ছেদ ও তৃষা প্রসঙ্গ
তামিল সুপারস্টার তথা রাজনীতিবিদ বিজয়ের সঙ্গে তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের আইনি বিচ্ছেদের মামলা এখন আদালতে। সঙ্গীতার অভিযোগ, এক সহ-অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন বিজয়। এর মাঝেই একটি বিয়ের অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তৃষার উপস্থিতি আগুনের মতো ছড়িয়ে পড়ে। যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলী নীরবতা বজায় রেখেছেন অভিনেত্রী।
পুরনো ক্ষত ও ভাঙা বাগ্দান
তৃষার ব্যক্তিগত জীবন বরাবরই চড়াই-উতরাইয়ে ভরা। এক সময় রানা দগ্গুবতীর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়। এরপর ২০১৫ সালে চেন্নাইয়ের ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে ঘটা করে বাগ্দান সারলেও ছয় মাসের মাথায় তা ভেঙে যায়। শোনা যায়, ব্যবসায়ী পরিবারের পুত্রবধূ হিসেবে এক অভিনেত্রীকে মেনে নিতে পারেননি বরুণের বাবা। সেই সময় তৃষা স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ের জন্য তিনি অভিনয় ছাড়তে নারাজ।
কেন এখনও অবিবাহিত তৃষা?
বরুণের সঙ্গে সম্পর্ক ভাঙার পর এক সাক্ষাৎকারে তৃষা তাঁর জীবনদর্শন পরিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি তাড়াহুড়ো করে বিয়ে করে অসুখী থাকতে চাই না। বিবাহবিচ্ছেদ আমার কাম্য নয়, আমি বরং সারাজীবন ভালোবাসায় থাকতে চাই।” সম্প্রতি একটি অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান, যা রহস্য আরও ঘনীভূত করেছে।
ভক্তদের প্রশ্ন, তবে কি ‘অসুখী দাম্পত্য’ এড়াতেই তৃষা একাকীত্বের পথ বেছে নিয়েছেন, নাকি থলপতির সঙ্গে এই গুঞ্জনই ভবিষ্যতে নতুন কোনো মোড় নেবে? উত্তরের অপেক্ষায় চলচ্চিত্র মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

