AB Live News
পার্থ-যুগ শেষ? বেহালা পশ্চিমে এবার দাপুটে নেত্রী

টানা ২৫ বছরের একাধিপত্যে কি তবে দাঁড়ি পড়তে চলেছে? ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ‘বেহালা পশ্চিম’ নিয়ে চরম শোরগোল শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। ২০০১ থেকে ২০২১— দীর্ঘ দু’দশক ধরে যে আসনটি পার্থ চট্টোপাধ্যায়ের ‘গড়’ হিসেবে পরিচিত ছিল, সেখানে এবার প্রার্থীর আমূল রদবদল কার্যত নিশ্চিত।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই দল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব বজায় রেখেছে। ২০২২ সালে গ্রেফতারির পর তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। সম্প্রতি জামিনে মুক্তি পেলেও কালীঘাটের সবুজ সংকেত মেলেনি। রাজনৈতিক মহলের মতে, দুর্নীতির ছায়া কাটিয়ে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতেই তৃণমূল এবার এই আসনে এক দাপুটে মহিলা নেত্রীকে বাজি ধরতে চাইছে।
দলের অন্দরের খবর অনুযায়ী, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত প্রভাব থাকলেও, নিয়োগ দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভকে হালকাভাবে নিচ্ছে না শীর্ষ নেতৃত্ব। বিধানসভা ভোটে কোনো ঝুঁকি নিতে নারাজ ঘাসফুল শিবির। তাই ওই এলাকার মানুষের পালস বোঝেন এবং প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ রয়েছে— এমন এক নেত্রীকে সামনে রেখে আসনটি ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য।
যদিও দলের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট নাম ঘোষণা করা হয়নি, তবে সূত্রের খবর, দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী নেত্রীর নাম নিয়ে জোর চর্চা চলছে। ওই নেত্রী অতীতেও একাধিক প্রশাসনিক ও সাংগঠনিক দায়িত্ব সফলভাবে সামলেছেন।
তবে পার্থ চট্টোপাধ্যায় যে হাল ছাড়ছেন না, তা স্পষ্ট। তিনি বলছেন, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি এলাকায় মানুষের কাজ করছি।”
জেল থেকে ফেরার পর তিনি নিঃশব্দে নিজের এলাকায় জনসংযোগও বাড়াচ্ছেন। কিন্তু তৃণমূল নেতৃত্বের মনোভাব বলছে, বেহালা পশ্চিমে ‘পার্থ-অধ্যায়’ এখন অতীত। এখন দেখার, এই হাই-প্রোফাইল আসনে প্রার্থী বদল করে তৃণমূল আদৌ ম্যাজিক দেখাতে পারে কি না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

