Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

৫ মিনিটে ৫ টাকা বৃদ্ধি! গ্যাসের লাইনে অটোচালকদের মাথায় হাত

0 590,432,255

শহরের রাজপথে রুটিরুজির চাকা ঘোরাতে গিয়ে নাভিশ্বাস উঠছে হাজার হাজার অটোচালকের। রান্নার গ্যাসের দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় ধাক্কা খেলেন তাঁরা। বুধবার ভোরে কলকাতায় অটোয় ব্যবহৃত এলপিজির দাম লিটার প্রতি এক ধাক্কায় বেড়ে গেল ৫ টাকা। মাত্র ৫ মিনিটের ব্যবধানে দামের এই আকস্মিক পরিবর্তনে ক্ষোভে ফেটে পড়েছেন চালকরা।
বুধবার ভোররাত থেকেই শহরের বিভিন্ন পাম্পে গ্যাস রিফিল করার জন্য অটোচালকদের দীর্ঘ লাইন ছিল। বেঙ্গল কেমিক্যাল পাম্প থেকে শুরু করে সল্টলেকের সিটি সেন্টার সংলগ্ন পাম্প— সর্বত্রই ছবিটা ছিল একই। পাম্প কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সকালে দাম ছিল লিটার প্রতি ৫৭ টাকা ৬৮ পয়সা। কিন্তু একটি নতুন সরকারি সার্কুলার আসতেই মাত্র ৫ মিনিটের ব্যবধানে সেই দাম দাঁড়িয়ে যায় ৬২ টাকা ৬৮ পয়সা।
পাম্প কর্মীদের কথায়, “আমরাও অসহায়। ৫ মিনিট আগে যাঁরা গ্যাস নিয়েছেন তাঁরা পুরনো দামে পেয়েছেন, কিন্তু সার্কুলার আসার পর নতুন দাম কার্যকর করতে আমরা বাধ্য।”
জ্বালানির চড়া দামের সঙ্গে যুক্ত হয়েছে তীব্র জোগান ঘাটতি। অভিযোগ, পর্যাপ্ত গ্যাস না থাকায় একেকটি পাম্পে অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক আক্ষেপের সুরে বলেন, “মঙ্গলবার ৩ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাইনি। আজ ভোরে এসে দেখি দাম বেড়ে গেছে। লাইনে দাঁড়িয়েই যদি অর্ধেক দিন কাবার হয়ে যায়, তবে সওয়ারি তুলব কখন? আর সংসারই বা চলবে কীভাবে?”
গ্যাস সরবরাহকারী সংস্থার কর্মীরাও স্বীকার করে নিচ্ছেন যে জোগানে ঘাটতি রয়েছে। তাঁদের মতে,
শহরে দৈনিক চাহিদার তুলনায় মাত্র ৫০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে।
জোগান কম থাকায় পাম্পগুলোতে ভিড় নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে পড়ছে। আকস্মিক দাম বৃদ্ধিতে অনেক চালকই মাঝপথে রিফিল না করেই ফিরে যাচ্ছেন।
এই মূল্যবৃদ্ধির ফলে অটো ভাড়া বাড়ানোর দাবিতে ইতিমধ্যেই চালক সংগঠনগুলোর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। সাধারণ যাত্রীদের আশঙ্কা, জ্বালানির এই জ্বালায় শেষ পর্যন্ত পকেট কাটবে তাঁদেরই। আপাতত ধোঁয়াশা আর অনিশ্চয়তার চাকাতেই ঘুরছে কলকাতার লাইফলাইন।
শহরের রাজপথে অটোচালকদের ক্ষোভ এবং জোগান ঘাটতির খবরের পাশাপাশি এবার নতুন মোড় নিল অটো ইউনিয়নের হুঁশিয়ারি। বুধবার সকালে এলপিজির দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার পরিবহন মহলে। জ্বালানির এই আকাশছোঁয়া দামে পিষ্ট হয়ে এবার ভাড়া বাড়ানোর পথে হাঁটতে পারে বিভিন্ন ইউনিয়নের নেতৃত্ব।
শহরের একটি প্রভাবশালী অটো ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন, “জ্বালানির দাম এক ধাক্কায় ৫ টাকা বেড়ে গেলে চালকদের পক্ষে পুরনো ভাড়ায় গাড়ি চালানো অসম্ভব। একদিকে লাইনে দাঁড়িয়ে ৩-৪ ঘণ্টা সময় নষ্ট হচ্ছে, তার ওপর এই বাড়তি খরচ। আমরা দ্রুত পরিবহণ দফতরের সঙ্গে আলোচনায় বসব।” চালকদের একাংশের দাবি, প্রতিদিনের আয়ের বড় অংশই চলে যাচ্ছে গ্যাসের পেছনে। যে সব রুটে ৫-১০ টাকা ভাড়া ছিল, সেখানে অন্তত ২-৩ টাকা বাড়ানোর দাবি উঠছে।
অটোর এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। শিয়ালদহ থেকে হাজরা বা উল্টোডাঙা থেকে করুণাময়ী— সব রুটে আজ সকাল থেকেই অটোর আকাল। অটোর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকেই সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি। সুযোগ বুঝে কিছু অটোচালক যাত্রীদের থেকে ৫-১০ টাকা বেশি দাবি করছেন বলেও অভিযোগ উঠেছে। বেঙ্গল কেমিক্যাল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা এক নিত্যযাত্রীর আক্ষেপ, “জ্বালানির দাম বাড়লে মালিক-চালক সবাই প্রতিবাদ করে, কিন্তু শেষমেশ পকেট কাটে আমাদেরই। বাস-ট্রেন এমনিতেই অনিয়মিত, অটোই ছিল ভরসা, এখন সেটাও মহার্ঘ হয়ে উঠছে।”
গ্যাস সরবরাহকারী সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি এবং সরবরাহে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এই সংকট তৈরি হয়েছে। বর্তমান চাহিদার মাত্র অর্ধেক গ্যাস পাম্পগুলোতে আসায় বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েক দিন শহরের অটোরুটগুলোতে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper