AB Live News
স্বমহিমায় অভিষেক, জিতল টিম ইন্ডিয়া
হেরেও নতুন করে শুরু করা সম্ভব, বৃহস্পতিবার চিপকে ফের প্রমাণ করে দিল ভারতীয় দল।টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়কে পর্যদুস্ত করল সূর্যকুমার যাদবরা।৭২ রানে ম্যাচ জিতে সেমির দৌড়ে টিকে থাকল তারা। প্রথম ইনিংস শেষে ২৫৬ রান করে চলতি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ে ভারত। জবাবে ১৮৪/৬ থামল সিকান্দার রাজারা।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলগত রান ভারতের দখলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ রানের তালিকায়ও জায়গা করে নিল এই ইনিংস। এক ম্যাচে ২৬০ রানের বিশ্বরেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সেমিফাইনালের রাস্তা সুগম করতে মরণ-বাঁচন ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালায় অভিষেক-হার্দিকরা।
প্রথম ঝড় তোলেন সঞ্জু স্যামসন। মাত্র ১৫ বলে করেন ২৪ রান। এরপর জ্বলে ওঠেন টুর্নামেন্ট বড় রান না পাওয়া অভিষেক শর্মা। চারটি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ৫৫ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নামানো হয় ঈশান কিসানকে। নতুন ভূমিকাতেও সফল বাঁহাতি ব্যাটার। ২৪ বলে ৩৮ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। তিন উইকেট পড়ার পর থেকেই রানের গতি আরও বাড়িয়ে দেন সূর্যকুমার। মাত্র ১৩ বলে ৩৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ও তিলক বর্মার ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু এদিন দু’জনেই জবাব দেন ব্যাট হাতে। শেষ পাঁচ ওভারে রানের বিস্ফোরণ ঘটে তাঁদের সৌজন্যে। হার্দিকের ঝোড়ো ইনিংস এবং তিলকের আগ্রাসী শট নির্বাচনে জিম্বাবোয়ের বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়ে। শেষ পাঁচ ওভারে আসে ৮০-র বেশি রান। সেই ঝড়ের উপর ভর করেই ২৫৬ রানের বিশাল স্কোর গড়ে ভারত। একটি করে উইকেট নেন এনগারাভা, মুজারাবানি, মাপোসা ও সিকান্দার রাজা।
জবাবে ব্যাট করতে নেমে দাপট দেখান ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমনি ওপেনিং জুটি। তবে অক্ষরের ঘূর্ণিতে উইকেট হারান তাদিওয়ানাশে (২০)। এছাড়া ডিওন মায়ার্স (৬), সিকান্দার রাজা (৩১), রায়ান বার্ল (০), টনি মুনিওঙ্গা (১১), তাশিঙ্গা (৭)। অপরাজিত থেকে বেনেট করেন ৯৭। বল হাতে আর্শদীপ নেন তিন উইকেট। একটি করে উইকেট নেন বরুণ, অক্ষর ও দুবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

