Khabor Ekhon
হার্দিককে চারে নামানোর টোটকা কুম্বলের

বৃহস্পতিবার বিশ্বকাপের সুপার এইটে ডু-অর-ডাই ম্যাচ ভারতের সামনে। প্রতিপক্ষ জিম্বাবোয়ে। এই গুরুত্বপূর্ণ থ্রিলারের আগে ভারতীয় দলে কৌশলগত বদলের পরামর্শ প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ব্যাটিং ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে কুম্বলে জানান, শুরুর ধাক্কা সামলাতে দলকে আরও ইতিবাচক হতে হবে।
সেই ম্যাচে ২৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল সূর্যরা। পরিস্থিতি সামাল দিতে সুন্দরকে উপরে নামানো হলেও, তা কার্যকর হয়নি। ১১ বলে ১১ রান করে আউট হন তিনি। ফলে রান তাড়া করতে গিয়ে চাপ আরও বাড়ে। শেষ পর্যন্ত ৭৬ রানে পরাজিত হয় মেন ইন ব্লু।
প্রাক্তন অধিনায়ক কুম্বলে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত যে অবস্থায় পড়েছিল, ফের সেই পরিস্থিতি তৈরি হলে আমি চাইব হার্দিক পান্ডিয়াকে যেন উপরের দিকে ব্যাট করতে নামে। বিশ্বকাপের মতো ম্যাচে ওকে স্টপ-গ্যাপ হিসাবে ব্যবহার করা উচিত নয়। চাপ শুষে নিয়ে ম্যাচ ঘোরানোর ক্ষমতা ওর আছে। ফলে জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হার্দিককে আগে নামানো উচিত।’
পরিসংখ্যানও বলছে একই কথা। চার নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক ৬ ম্যাচে করেছেন ১৩১ রান, স্ট্রাইক রেট ২৩৮.১৮। অন্যদিকে, পাঁচ নম্বরে নেমে ৩২ বছরের এই অলরাউন্ডারের সংগ্রহ ১২০৮ রান। অর্থাৎ মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষেত্রে তিনি যে কার্যকর, তা স্পষ্ট। যদিও পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতার অভাব ফুটে উঠেছে ভারতের ব্যাটিংয়ে।
কুম্বলের আরও বলেন, ‘ভারতের সেরা খেলাটা এখনও আমরা প্রতিযোগিতায় দেখতে পাইনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০-৩ হয়ে যাওয়ার পরে আশা করেছিলাম সেই মরিয়া লড়াইটা দেখতে পাব। সেই মুহূর্তে পালটা আক্রমণের রাস্তায় হাঁটা উচিত ছিল। কিন্তু সূর্যকুমার যাদবরা ব্যর্থ হয়।’
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

