AB Live News
জিম্বাবোয়ের বিরুদ্ধে দল নির্বাচনে নিয়ে পরামর্শ গাভাসকরের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে দল নির্বাচন ঘিরে তীব্র বিতর্কে জড়িয়েছে টিম ইন্ডিয়া। বিশেষ করে অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইছে। তাঁর পরিবর্তে খেলা ওয়াশিংটন সুন্দর ব্যাট এবং বলে নজর কাড়তে ব্যর্থ। তবে আর্শদীপ সিংকে বাদ দেওয়ার পরামর্শ দেন সুনীল গাভাসকর।
চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ভারতের। তার আগে দল নির্বাচন নিয়ে পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তি। সানি বলেন, ‘আমি চাই অক্ষর প্যাটেল দলে ফিরুক। জিম্বাবোয়ে দলে খুব বেশি বাঁহাতি ব্যাটার নেই। আর্শদীপ সিংয়ের জায়গায় ওকে খেলানো যেতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও খুব ভালো বল করেছে। এমন ছন্দে থাকা একজনকে বসাতে নাও চাইতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই একই দল রাখা হতে পারে।’
ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের দাবি, অক্ষরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি কৌশলগত। দুশখাতে বলেন, ‘গত দু’দিন ধরে আমরা প্রথম একাদশ বেছে নেওয়া নিয়ে প্রচুর ভাবনাচিন্তা করেছি। তবে এখন মনে হচ্ছে, প্রোটিয়াদের বিপক্ষে অক্ষরকে খেলালে ভালো হত। সেই সময় অষ্টম ব্যাটার হিসাবে আমাদের রিঙ্কুকে দরকার ছিল। সেই ভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার মানে এই নয় যে দলে অক্ষরের গুরুত্ব কমে গিয়েছে।’
ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে আবার সরাসরি প্রশ্ন তুলেছেন দল নির্বাচনের যুক্তি নিয়ে। তিনি জানান, ‘অক্ষর না খেলায় আমি অবাক। আমি বুঝতে পারছি না কী হচ্ছে। ওয়াশিংটন সুন্দর ভালো প্লেয়ার। কেউ ওর বিরুদ্ধে নয়। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে অক্ষর ভালো খেলছে। আমার কখনও কখনও মনে হয়, দল নির্বাচন নিয়ে বেশি ভাবনাচিন্তা করলে তার বিপরীত ফল হতে পারে। দক্ষিণ আফ্রিকা দলে একাধিক বাঁহাতি ছিল। কিন্তু ও মাত্র দু’ওভার বল করেছে।’
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

