Khabor Ekhon
অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড

সপ্তাহের প্রথমদিনেই কলকাতায় অগ্নিকাণ্ড। ইএম বাইপাসের কাছে টলিপাড়ার তারকাদের অভিজাত আবাসনের পাঁচতলা ব্যালকনিতে আচমকাই আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার সকালে অভিজাত আবাসন আরবানা কমপ্লেক্সের ৪ নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। একপ্রকার যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল কর্মীদের দাবি, সেই মুহূর্তে বহুতলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কাজ করায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২৬ জানুয়ারি আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয় ৩০-এরও বেশি কর্মীর। সেই ঘটনার দাগ এখনও দগদগে। তার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে শহরে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

