Khabor Ekhon
দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ। হাইকোর্টের নির্দেশে ইঞ্জিন ভ্যান বা মেশিন ভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তের প্রায় দু’শোজনেরও বেশি ভ্যান চালককে সতর্ক করা হয়েছে। তবে আগামীতে এ বিষয়ে সঠিক নিয়ম না মানলে চালকদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গিয়েছে, হলদিয়া-মেচেদা ও দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক-সহ একাধিক রাজ্য সড়ক জুড়ে চলছে পুলিশের কড়া নজরদারি। দিন কয়েক আগেই কাপাসএড়্যা এলাকায় ইট, সিমেন্ট ও রড বোঝাই ছ’টি ইঞ্জিন ভ্যান আটক হয়েছে। ওই সব যানবাহন ভারী মাল নিয়ে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে পুলিশের দাবি। তাই এ বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা কার্যকরী করতেই জেলা পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি পথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তরফে মাইকিং করে প্রচারাভিযানও চালানো হচ্ছে। ট্রাফিক বিভাগের উন্নয়নের লক্ষ্যে বডি ক্যামেরা, স্পিড লেজার গান-সহ মদ্যপ চালক ধরার বিশেষ ডিভাইস ব্যবহার করা হচ্ছে।
পূর্ব মেদিনীপুর জেলার একদিকে পর্যটন কেন্দ্র হিসেবে রয়েছে দিঘা, তাজপুর ও মন্দারমণি। অপরদিকে অবস্থান করেছে হলদিয়া শিল্পাঞ্চল। যার জেরে নিত্যদিন প্রচুর যানবাহন চলাচল করে। অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। স্থানীয় বাসিন্দা-সহ পর্যটকদের সুরক্ষাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই এ-বিষয়ে আদালতের নির্দেশ মেনে জাতীয় ও রাজ্য সড়কে ইঞ্জিন ভ্যান চলাচল বন্ধ করতে ধারাবাহিক ভাবে অভিযান চলবে বলে দাবি জেলা পুলিশের।
ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুনকুমার দে-র দাবি, সাধারণ মানুষ পুলিশের কাছে অভিযোগ তুলেছে, ইঞ্জিন ভ্যান চলাচলে রাস্তায় দুর্ঘটনা ঘটছে। বিষয়টি তদন্ত করে দেখে তবেই পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত দু’দিনে আটক হয়েছে প্রায় ২০০ ইঞ্জিন ভ্যান। তবে পরবর্তীতে এ-বিষয়ে আদালতের নির্দেশ মেনে আরও কড়া পদক্ষেপ গৃহীত হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

