Khabor Ekhon
হেলমেটহীন বাইক মিছিলে বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
কালো পিচের রাস্তা কাঁপিয়ে এগিয়ে চলছিল একের পর এক মোটরবাইক! নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা! মুখে স্লোগান! আর ঠিক মাঝখানে রাজনৈতিক উদ্দীপনার উচ্ছ্বাস! তবে মিছিলে অংশগ্রহণকারী বেশিরভাগ বাইক আরোহীই হেলমেটবিহীন! রবিবার হাওড়ার আমতা বিধানসভা এলাকায় বেতাই ফুটবল মাঠ থেকে নারিট বাজার পর্যন্ত বিজেপির উদ্যোগে আয়োজিত বাইক র্যালিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস সামন্ত। র্যালির প্রথম সারিতেই ছিলেন তাঁরা। তবে তাঁদের মাথায় হেলমেট ছিল না।
বর্তমান ট্রাফিক আইন অনুযায়ী, মোটরবাইক চালানো বা আরোহী হিসেবে বসার ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে মাথাপিছু এক হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। শহর থেকে গ্রাম সকল স্থানেই ট্রাফিক পুলিশ নিয়ম ভাঙলে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেয়। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃত্বের এমন প্রকাশ্য আইনভঙ্গ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
ঘটনায় রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার বর্ষীয়ান তৃণমূল নেতা অরূপ রায়ের দাবি, মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি শুরু করেছিলেন। তাঁর মতে, রাজনৈতিক নেতা-কর্মীদের দায়িত্ব আরও বেশি। তাঁরা যদি নিয়ম না মানেন, তাহলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছায়। সকলেরই আইন মেনে চলা উচিত বলেই তিনি মনে করেন।
হাওড়া জেলা তৃণমূলের আইনজীবী সেলের সভাপতি মদনমোহন বন্দ্যোপাধ্যায়ও এ প্রসঙ্গে দাবি করেন, আইন সবার জন্য সমান। কেউ কেন্দ্রীয় মন্ত্রী হোন বা সাধারণ নাগরিক, হেলমেট ছাড়া বাইক চালানো আইনভঙ্গের শামিল। তাঁর মতে, এ ক্ষেত্রে পুলিশের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়াই উচিত। প্রাক্তন পুলিশ আধিকারিক নজরুল ইসলামের দাবি, দেশে সাধারণতন্ত্র থাকলেও বাস্তবে ক্ষমতাবানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস খুব কম পুলিশ আধিকারিকই দেখাতে পারেন। নিজের কর্মজীবনের অভিজ্ঞতার উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, রাজনৈতিক প্রভাব অনেক সময় আইন প্রয়োগের পথে বাধা হয়ে দাঁড়ায়।
অপরদিকে, এ-বিষয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাধুখাঁর দাবি, সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ওই র্যালিতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই মুহূর্তে হাতের কাছে হেলমেট ছিল না। তাই বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে তিনি মনে করেন।
উল্লেখযোগ্য, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি শুরু হয়। বছরে একাধিকবার বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ড এলাকায় সেই কর্মসূচি পালিত হয়। কিন্তু ভোটের আবহ তৈরি হলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির বাইক মিছিল দেখা যায়। তবে নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পর আদর্শ আচরণবিধি কার্যকর হলে দলবদ্ধ বাইক মিছিলের উপর নির্বাচন কমিশন একাধিক বিধিনিষেধ আরোপ করে। অভিযোগ, অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলি সেই নির্দেশ অমান্য করে। যদিও রবিবারের ঘটনাটি নির্বাচনী বিধি জারির সময়সীমার বাইরে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।


