Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভাষা দিবসে তোপ

0 453,398

বিধানসভা ভোটের প্রাক্কালে আন্তর্জাতিক ভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “বাংলার জন্য ওরা বড্ড বেশি হ্যাংলা।” পাশাপাশি বাংলায় কথা বলার জন্য ভিনরাজ্যে হেনস্থার অভিযোগ তুলে সরব হন তিনি।
শনিবার কলকাতার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক ভাষা দিবসের সরকারি অনুষ্ঠানে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয় একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব ভাষাকে সম্মান জানাই। কারণ আমরা রামকৃষ্ণ পরমহংস-এর দেশের মানুষ। স্বামী বিবেকানন্দ এই ভাষাতেই কথা বলতেন। কোনও ভাষার উপর আক্রমণ হলে আমরা প্রতিবাদ করব। কিন্তু বাংলায় কথা বললেই যদি অত্যাচার হয়, তা মেনে নেওয়া যায় না।”
রাজ্যে বসবাসকারী গুজরাটি, মারোয়াড়ি-সহ ভিনভাষী সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “আমাদের ভাষাকে কেন অসম্মান করা হবে? আমরা রাজবংশী থেকে শুরু করে সব ভাষাকে স্বাগত জানাই। কিছু বাংলা-বিদ্বেষী লোকজন বাংলা ভাষার উপর আঘাত আনছেন।”
বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ মর্যাদা পাওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু গবেষণা ও তথ্য পাঠানোর ফলেই এই স্বীকৃতি এসেছে। তাঁর দাবি, “বাংলা না থাকলে নবজাগরণ হত না, সতীদাহ বা বাল্যবিবাহ রদ হত না।” স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
এরপরই কেন্দ্রকে ইঙ্গিত করে তাঁর কড়া বার্তা—“আগে বাংলাকে ভালবাসুন, তারপর অসম্মান করবেন। বাংলা দেশের জন্য সব দিতে পারে, কিন্তু কারও কাছে মাথা নত করে না। আমরা মানুষের কাছে, মাটির কাছে মাথা নত করি, দিল্লির লাড্ডুর কাছে নয়। দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না—আগে বাংলাকে চিনতে হয়।”
খাদ্যাভ্যাস, পোশাক বা সাংস্কৃতিক পরিচয়ের উপর ‘হস্তক্ষেপের চেষ্টা’ নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “গায়ের জোরে সব কিছু করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। বাংলাকে জোর করে কেড়ে নেওয়া যাবে না।”
অনুষ্ঠানে উপস্থিত কবি জয় গোস্বামী মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। অসুস্থতার সময়ে চিকিৎসা ও সংসার চালানোর ক্ষেত্রে তাঁর সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, “উনি বয়সে ছোট, তবু প্রণাম।”
ভোটের আগে ভাষা ও সংস্কৃতির প্রশ্নে রাজনৈতিক সুর আরও চড়ল বলেই মনে করছে পর্যবেক্ষক মহল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper