Khabor Ekhon
লোকসভায় প্রতিদ্বন্দ্বী থেকে সহযোদ্ধা!
লোকসভায় প্রতিদ্বন্দ্বী থেকে সহযোদ্ধা
আমতলায় অভিষেকের কার্যালয়ে পৌঁছতেই এসএফআই দফতরে তিন নম্বর লকার থেকে মুছে গেল নাম
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের টিকিটে লড়াই করেছিলেন প্রতীক-উর রহমান। মাত্র দু’বছরের ব্যবধানে সেই ‘প্রতিদ্বন্দ্বী’ অভিষেকের হাত ধরেই আজ তৃণমূলে যোগ দিলেন সাবেক বাম যুবনেতা। শনিবার বিকেল ৪.১০ নাগাদ দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদীয় কার্যালয়ের সামনে জোড়াফুলের পতাকা তুলে নিলেন তিনি। আর তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং অভিষেক।
প্রতীক-উর রহমান কার্যালয়ে পা রাখতেই শুরু হয়ে গেল বাম শিবিরের তৎপরতা। এসএফআইয়ের দফতরে তাঁর নামে বরাদ্দ তিন নম্বর লকার থেকে তাঁর নাম মুছে দেওয়া হল। তার কয়েক মিনিটের মধ্যেই সিপিএমের তরফে আনুষ্ঠানিক বহিষ্কারের ঘোষণা। দলীয় গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা ও ৫৬ নম্বর উপধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অভিষেকের পাশে দাঁড়িয়ে থাকার সময়ই প্রতীক-উরের কাছে পৌঁছে গিয়েছিল বহিষ্কারের খবর। সেলিম বলেন, “শত্রুপক্ষে যোগদান করায় প্রতীক-উরকে বহিষ্কার করা হল। সন্তান হারালে যে অনুভূতি হয়, আমার সেই ফিলিংস।”
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ৩৫-৩৬ বছরের এই যুবনেতা একসময় এসএফআইয়ের রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন। সিপিএমের রাজ্য কমিটি ও জেলা কমিটির সদস্য ছিলেন। ডায়মন্ড হারবারের স্থানীয় বাসিন্দা প্রতীক-উর ২০২৪ লোকসভায় অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়ে বামেদের ‘তরুণ মুখ’ হিসেবে পরিচিতি পান। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) তিনি সিপিএমের রাজ্য, জেলা কমিটি ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে লেখেন, পার্টির বর্তমান নেতৃত্বের কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন। পরে তিনি নিজেই জানিয়ে দেন, ২১ ফেব্রুয়ারি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ঘোষণা করবেন।
যোগদানের পর প্রতীক-উর স্পষ্ট ভাষায় বলেন, “বাংলার গৌরব নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। এই সময় বিজেপিকে আটকাতে তৃণমূলই একমাত্র ভরসা। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সব থেকে বড় শক্তি তৃণমূল কংগ্রেস। তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসেছি।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্বাগত জানিয়ে বলেন, “আমি ওকে মিটিং-মিছিলে দেখেছি। সিপিএমকে দেখা যায় না, যেটুকু দেখা যায় এদেরকেই দেখা যায়। প্রতীক-উর কোনও দলকে আক্রমণ করেনি। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সে এখন আমাদের সঙ্গে।”
প্রতীক-উরের এই দলবদল বিধানসভা ভোটের ঠিক আগে বাম শিবিরে বড় ধাক্কা। সিপিএম সূত্রের খবর, তাঁর সঙ্গে শাসক দলের যোগাযোগ দেড়-দু’মাস আগে থেকেই দলের রাজ্য নেতৃত্বের কাছে ছিল। তৃণমূলের তরফে কুণাল ঘোষ পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন। প্রতীক-উর নিজে বলেছিলেন, বাংলার সব রাজনৈতিক দলই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি তৃণমূলকেই বেছে নিলেন।
এই ঘটনায় বামফ্রন্টের অভ্যন্তরীণ ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। অনেকে মনে করছেন, সেলিমের নেতৃত্বে স্বজনপোষণ ও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতীক-উরের অসন্তোষই এই সিদ্ধান্তের মূল কারণ। অন্যদিকে তৃণমূল শিবিরে উৎসবের মেজাজ। অভিষেকের উপস্থিতিতে এই যোগদানকে ‘বিজেপি-বিরোধী শক্তির আরও সংহতি’ হিসেবে দেখানো হচ্ছে।
প্রতীক-উরের এই পদক্ষেপ বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। ‘কমরেড’ থেকে ‘উন্নয়নের পথপ্রদর্শক’-এর এই যাত্রা কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে, তা দেখতে অপেক্ষায় রাজনৈতিক মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

