Khabor Ekhon
বাজল ভোটের বাদ্যি, নির্ঘণ্টের আগেই বাংলায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

এখনও আনুষ্ঠানিক নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা রাজ্যে পাঠানো হচ্ছে। প্রথম দফায় ১ মার্চ ২৪০ কোম্পানি এবং দ্বিতীয় দফায় ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি পৌঁছবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০ ফেব্রুয়ারি বৈঠকে বাংলার ‘ছাব্বিশের নির্বাচন’-কে সামনে রেখে প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১ মার্চ যে ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে, তার মধ্যে রয়েছে—
১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি।
১০ মার্চ দ্বিতীয় দফায় আসবে আরও ২৪০ কোম্পানি আধাসেনা। তার মধ্যে থাকবে—
১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি।
প্রশাসনিক সূত্রের দাবি, এই বিপুল সংখ্যক বাহিনী মূলত স্পর্শকাতর ও অতি-স্পর্শকাতর বুথে টহল, রুট মার্চ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভিএম পাহারা দেওয়ার কাজে নিয়োজিত থাকবে। নির্বাচনের আগে বিভিন্ন জেলায় ‘এরিয়া ডমিনেশন’ কর্মসূচিও চালানো হবে বলে ইঙ্গিত মিলেছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ৯ সেকশন আধাসেনার মধ্যে ৮ সেকশন বুথ নিরাপত্তা ও টহলদারির কাজে ব্যবহার করা হবে। বাকি ১ সেকশন থাকবে ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) হিসেবে। কোথাও বড় ধরনের গণ্ডগোল বা হিংসার পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই হবে তাদের কাজ।
চিঠিতে জানানো হয়েছে, বাহিনী মোতায়েনের সম্পূর্ণ রূপরেখা জানাতে হবে সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে। তাঁকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনীর প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বাহিনীর রুট চার্ট, আবাসন, যানবাহন ও লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, বাংলায় শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই কেন্দ্রের এই পদক্ষেপ। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, নির্ঘণ্টের আগেই বাহিনী পাঠানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তবে প্রশাসনিক মহলের মতে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই—নির্ভয়ে ভোটদান নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে বজায় রাখা।
ভোটের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় এখন গোটা রাজ্য। তার আগেই কেন্দ্রীয় বাহিনীর আগমন বাংলার নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

