Khabor Ekhon
Theatre থিয়েটারের মঞ্চ থেকে রুপোলি পর্দায় অনিরুদ্ধর পথচলা

সব গল্পের শুরু এক জায়গায় হয় না। জন্ম কলকাতার দমদমের মতিঝিলে। কিন্তু অভিনেতা অনিরুদ্ধ রায়ের আসল শুরুটা হয়েছিল কলকাতা থেকে বহু দূরে বেঙ্গালুরুর এক থিয়েটার মঞ্চে। ইঞ্জিনিয়ারিং, এমবিএ আর কর্পোরেট চাকরির ব্যস্ত ছকে বাঁধা জীবনের আড়ালে নিঃশব্দে বড় হয়ে উঠছিল এক স্বপ্ন। তা হল আলো, ক্যামেরা আর সংলাপ। দিনের শেষে অফিস ফেরত যুবকটি যখন মঞ্চে দাঁড়াতেন, তখনই যেন খুঁজে পেতেন নিজের প্রকৃত পরিচয়। সেই থিয়েটারের কাঠের মঞ্চই হয়ে ওঠে তাঁর অভিনয় জীবনের প্রথম পাঠশালা। আর সেখান থেকেই শুরু এক দীর্ঘ, লড়াইভরা, কিন্তু অবিশ্বাস্য উড়ানের গল্প। যার গন্তব্য আজ রুপোলি পর্দা, টেলিভিশন এবং ওয়েব দুনিয়ার আলো।
তিন বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে বেঙ্গালুরুতে চলে যান অনিরুদ্ধ। বাবা পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ। দক্ষিণ ভারতেই পড়াশোনা। প্রথমে ইঞ্জিনিয়ারিং এবং পরে এমবিএ। কর্মজীবন শুরু করেও মনের ভেতরে বাসা বাধঁছিল এক অন্য টান। অফিসের ব্যস্ততার ফাঁকেই থিয়েটারে যোগ দেন। বেঙ্গালুরুর খ্যাতনামা নাট্যদল ‘সেন্টার ফর ফিল্ম অ্যান্ড ড্রামা’–র মঞ্চেই তাঁর অভিনয়ের ভিত শক্ত হয়। কিংবদন্তি গিরিশ কারনাডের সঙ্গে মঞ্চ ভাগ করার অভিজ্ঞতা তাঁর অভিনয়চর্চাকে অন্য মাত্রা দেয়।
ছোটবেলায় তিনি ছিলেন বেশ দুষ্টু-চঞ্চল। ‘মিমিক্রি’ ছিল তাঁর বিশেষ দক্ষতা। বাড়িতে ভানু বন্দ্যোপাধ্যায়ের সংলাপ শুনে শুনেই রপ্ত করেছিলেন বিশেষ বাঙাল টান। তবে দক্ষিণ ভারতে বড় হওয়ায় বাংলায় কিছুটা দুর্বলতা ছিল। সেই ঘাটতি পূরণে বেঙ্গালুরুর বাংলা থিয়েটার গ্রুপ ‘স্মরণিকা’–তে যোগ দেন। মাতৃভাষাকে নিজের করে নেওয়ার সেই প্রচেষ্টাই পরে তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।
এরপর এল লকডাউন। যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। থিয়েটার বন্ধ, অডিটোরিয়াম ফাঁকা। অনিশ্চয়তার সেই সময়ে বসে না থেকে বাড়িতেই সংলাপ রেকর্ড করে ভিডিও পাঠাতে শুরু করেন বিভিন্ন প্রযোজনা সংস্থায়। হঠাৎ একদিন ফোন, যশ রাজ ফিল্মস থেকে অডিশনের ডাক। প্রথমে বিশ্বাসই করতে পারেননি। নির্দিষ্ট দিনে গিয়ে অডিশনও দেন। চূড়ান্ত নির্বাচনে সুযোগ না পেলেও সেই অভিজ্ঞতা তাঁকে বুঝিয়ে দেয় স্বপ্নের দরজায় তিনি পৌঁছে গিয়েছেন। তাই আর পিছিয়ে আসার প্রশ্নই নেই।
এরপর একের পর এক অডিশন, যোগাযোগ, অপেক্ষা। অবশেষে বড় সুযোগ আসে কন্নড় ছবি ‘৭৭৭ চার্লি’–তে। সেখানে তাঁর অভিনীত চরিত্র দর্শকের নজর কেড়ে নেয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও বক্স অফিসে সফল এই ছবিই তাঁকে সর্বভারতীয় পরিচিতি দেয়। ছোট পর্দায়ও তিনি কাজ করেছেন ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘সাবধান ইন্ডিয়া’–র মতো ধারাবাহিকে। পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মে ‘স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি’–তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
সাম্প্রতিক সময়ে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর এর সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। বিজ্ঞাপনের জগতেও সমান সক্রিয় তিনি। বহু পরিচিত ব্র্যান্ডের মুখ হয়েছেন ইতিমধ্যেই।
তবে সাফল্যের মাঝেও খানিক আক্ষেপ রয়ে গেছে তাঁর মনে। কলকাতা তাঁর জন্মভূমি, মাতৃভাষার শহর। অথচ প্রথম বড় স্বীকৃতি এসেছে ভিন রাজ্য থেকে। এই না পাওয়ার হালকা কষ্টই তাঁকে আরও দৃঢ় করে তুলেছে। দমদমের ছেলেটি আজ জাতীয় পরিসরে নিজের জায়গা তৈরি করছেন। ব্যর্থ অডিশন থেকে ব্লকবাস্টার ছবির যাত্রায় অনিরুদ্ধ রায় প্রমাণ করে দিয়েছেন, সুযোগ না এলেও সেটিকে তৈরি করে নিতে হয়। আর স্বপ্ন যদি সত্যিই নিজের হয়, তবে লকডাউনও তাকে আটকে রাখতে পারে না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

