Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কাঁথিতে উদ্ধার বিপন্ন অলিভ রিডলে

0 28,806

কাঁথির উত্তর মুকুন্দপুর মৎস্য খটিতে বুধবার সকালে আচমকা দেখা মিলল এক বিরল সামুদ্রিক অতিথির। মৎস্যজীবীদের ব্যস্ততার মধ্যেই ঢেউয়ের সঙ্গে ভেসে এল প্রায় ৩৫ কেজি ওজনের একটি অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ। মুহূর্তের মধ্যেই কৌতূহল আর চাঞ্চল্যে ভরে ওঠে গোটা এলাকা। কেউ মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করতে ব্যস্ত, কেউ বা আতঙ্কে দূরে সরে যান। স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় খবর পেয়ে কন্টাই ফরেস্ট রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়।

বন দফতরের তরফে ওই কচ্ছপটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পরবর্তী সময়ে খুব সতর্কতার সঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক শারীরিক পরীক্ষাও করা হয়। জানা গিয়েছে, কচ্ছপটির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসার পর উপযুক্ত সময়ে তাকে স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। অলিভ রিডলে কচ্ছপ সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করে। প্রজনন ছাড়া খুব কমই তারা উপকূলে আসে। বিশেষজ্ঞদের মতে, স্রোতের টান, দিকভ্রান্ত হওয়া বা পরিবেশগত চাপের কারণেও এরা তীরে ভেসে আসতে পারে।

এ বিষয়ে কন্টাই ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে দাবি করেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যায়। কচ্ছপটিকে নিরাপদে উদ্ধার করে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। সুস্থ হলে তাকে গভীর সমুদ্রে ফিরিয়ে দেওয়া হবে। তবে সচেতনতা না বাড়লে এই প্রজাতি দ্রুত হ্রাস পাবে ।

জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ও এগরা কলেজের অধ্যাপক সুদীপ্ত ঘোড়াইয়ের দাবি, বর্তমানে অলিভ রিডলে কচ্ছপের সংখ্যা উদ্বেগজনকভাবে কমছে। জেলেদের জালে আটকে পড়লে দ্রুত তাদের ছেড়ে দেওয়া উচিত। এদের রক্ষা করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

অলিভ রিডলে কচ্ছপ সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ট্রলারের জালে আটকে পড়া, সমুদ্র দূষণ, প্লাস্টিক ও তেলজাত বর্জ্যের কারণে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে। একসময় প্রচুর সংখ্যায় দেখা মিললেও বর্তমানে এই প্রজাতির সংখ্যা ক্রমশ কমছে। কাঁথির এই ঘটনাকে ঘিরে যেমন কৌতূহল তৈরি হয়েছে। তেমনই উঠে এসেছে পরিবেশ রক্ষার জরুরি বার্তা। সামান্য সচেতনতা ও মানবিক উদ্যোগই পারে বহু প্রাণ বাঁচাতে, এমনই মত বন দফতর ও বিশেষজ্ঞদের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper