Khabor Ekhon
এনআরএস হাসপাতালে চুরি! অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার

মহানগরের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল এনআরএসে ফের চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। হাসপাতালের ভেতরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীর পরিবার ও পরিজনরা। একাধিক চুরির ঘটনার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে তাঁদের।
রোগীদের পরিবারের দাবি, হাসপাতাল চত্বরে বারবার চুরির ঘটনা ঘটছে। অথচ প্রশাসনের তরফে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ, সম্প্রতি রাত ৯টা নাগাদ এক মহিলা চোরকে হাতেনাতে ধরে ফেলেন রোগীর পরিজনেরা। তাঁকে এন্টালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু পরিবারের দাবি, রাত ১১টা নাগাদ সেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই ওই মহিলা নাকি রোগীর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন এবং হেনস্থা করছেন।
ঘটনা এখানেই থেমে থাকেনি। ফেব্রুয়ারির ১৯ তারিখ মধ্যরাতে আরও দু’জন সন্দেহভাজন চোরকে ধরে ফেলেন রোগীর আত্মীয়রা। অভিযোগ, সেই সময় এমার্জেন্সি বিভাগে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকলেও তাঁরা তেমন কোনও সক্রিয় পদক্ষেপ করেননি। ফলে আতঙ্ক আরও বেড়েছে। জানা গিয়েছে, ধৃত ওই দু’জনের বিরুদ্ধেও এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি। এমনকি এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও মেলেনি কোনওরকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এন্টালি থানার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন রোগীর পরিবারের সদস্যরা।
এক রোগীর পরিজনের দাবি, মানিব্যাগ থেকে মোবাইল, টাকা সব চুরি হয়ে গিয়েছে। পুলিশ চোরকে ধরতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর এক রোগীর আত্মীয়ের দাবি, তাঁর ভাই এনআরএস হাসপাতালে ভর্তি। একজন ছেলেকে হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতে দেখছেন। ওই ছেলেটাই ফোন চুরি করছে। কিন্তু পুলিশ তাকেও ধরতে পারেনি বলেও দাবি করেছেন তিনি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

