Khabor Ekhon
শীত ফিকে হতেই স্তব্ধ দোকান্ডার ফুলমেলা

শীতের এবার শীতঘুমে যাওয়ার পালা! তাই বঙ্গে যেন বসন্ত-ই দাপট দেখাচ্ছে! আর ঠিক এই আবহেই পাঁশকুড়ার দোকান্ডায় ফুলের বাগিচায় মরশুমি পর্যটকের ভিড় কমতে শুরু করেছে। তবে স্থানীয় ফুলচাষিরা মনে করছেন, অন্য বছরগুলি তুলনায় চলতি বছরে যথাযথ সময়ের বেশ কিছুটা আগেই শেষ হচ্ছে দোকান্ডার ফুলের মেলা। যার জেরে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের। পর্যটকদের ভিড় কমে যাওয়ায় অনেকেই মেলার অস্থায়ী দোকান খুলে নিয়ে চলে যাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী এবং ফুলচাষিদের দাবি, চলতি বছরে এসআইআর-এর প্রভাবের পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা, এই ত্রিমুখী চাপেই ভাঙল ফুলের আসর। এ-বিষয়ে অনেকেরই ধারণা, দোকান্ডার ফুলের বাগান ছাড়া অন্য কোনও বিনোদনের ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে উৎসাহ হারিয়ে ফেলছেন মরশুমি পর্যটকরা। প্রতিবছর ২৫ ডিসেম্বর থেকে শুরু হয় ফুলের মেলা। ওই মেলা চলে প্রায় তিনমাস। চলতি বছরেও প্রায় দেড়শোটি ফুলের স্টল বসেছিল। মেলার প্রথম পর্যায়ে উপচে পড়ার মতো ভিড় জমলেও, এসআইআর শুরুর পর থেকে ভিড় কমতে থাকে। সেই ভিড় মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পরে একেবারে কমে যায়। বর্তমানে পর্যটকশূন্য দোকান্ডায় রীতিমতো মাছি তাড়াতে হচ্ছে ব্যবসায়ীদের। যদিও সাপ্তাহিক ছুটির দিনগুলিতে হাতেগোনা কয়েকজন পর্যটকের আনাগোনা হচ্ছে। প্রতিবছরই মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলে জমজমাট ফুলের মেলা। তবে এবার পর্যটকদের দেখা না মেলায় বেশিরভাগ ফুলের স্টল উঠে গিয়েছে। বছর কয়েক আগে দোকান্ডায় সরকারি তরফে একটি বায়ো-ডাইভারসিটি পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলেও, তা বাস্তবায়িত হয়নি।
পর্যটকদের দাবি, ফুলবাগিচা এবং মেলার টানে প্রতিবছর তাঁরা দোকান্ডায় আসেন। তবে ওই এলাকার বিশেষ কোনও উন্নতি হয়নি। মেলাচত্বর পার্কে বিশ্রামাগার থাকলে পর্যটকদের সুবিধা হত বলেও দাবি তোলা হয়। অপরদিকে স্থানীয় ফুল ব্যবসায়ীদের দাবি, তাঁরা তিন মাসের জন্য মেলা কমিটিকে এককালীন কয়েক হাজার টাকা দিয়েছিলেন। তবে পর্যটকের ভিড় না হওয়ায় স্টল গুটিয়ে নিতে হয়েছে। এতে তাঁদের অনেক টাকার ক্ষতি হয়েছে। মেলাতে ফুল বিক্রি না হওয়ায় কেউ কেউ ফুল বাজারে গিয়ে ফুল বিক্রি করছেন। ফলত, তাঁদের লাভ কমছে বলেও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

