Khabor Ekhon
ফোনে প্রাণনাশের হুমকি! গুসকরায় সাংবাদিককে ঘিরে বিতর্কে তৃণমূল নেতা

পূর্ব বর্ধমানের গুসকরায় এক সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় সাংবাদিক মহলে। অভিযোগের তির উঠেছে আউশগ্রাম–১ ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ইমদাজুল শেখের বিরুদ্ধে। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগকারী সুজিত বর্মন, পেশায় একটি ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক। তাঁর দাবি, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি ফোন কল আসে। ফোনের ওপার থেকে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সুজিতের অভিযোগ, ওই ফোন কলটি করেছিলেন ইমদাজুল শেখ। ঘটনার পর তিনি গুসকরা বিট হাউসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে অভিযুক্ত নেতার নামে একটি ফোনালাপের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘খবর এখন’। অডিও সামনে আসতেই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে।
ঘটনার প্রতিবাদে আউশগ্রাম জঙ্গলমহল প্রেস ক্লাব প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মরত সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
অপরদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ইমদাজুল শেখ দাবি করেন, তিনি কাউকে কোনও হুমকি দেননি। তবে তাঁর ভয়েস নিয়ে কেউ কিছু করতে পারে। এমনকি ওটা তাঁর গলা নয়। পুলিশ তদন্ত করলেই সর্ম্পূণ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। একই সঙ্গে তিনি অভিযোগকারী সাংবাদিকের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

