Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চলন্ত গাড়িতে তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগ কসবায়, অভিযুক্তরা পলাতক

0 1,987,479

খাস কলকাতা শহরে ফের চাঞ্চল্যকর অভিযোগ। চলন্ত গাড়ির ভিতরে এক তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত আকাশ সিং ও আরিয়ান সিং বর্তমানে পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন ওই তরুণী। তিনি একটি ক্যাব ভাড়া করে কসবায় জাহাজ বাড়ি এলাকায় নামেন। অভিযোগ, সেখানেই স্থানীয় দুই যুবক আকাশ সিং ও আরিয়ান সিং তাঁকে ডাকে। প্রাথমিকভাবে কথাবার্তার মাঝেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। তরুণীর অভিযোগ, আচমকাই তাঁকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয় এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় যাতে তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

অভিযোগ আরও, চলন্ত গাড়ির মধ্যেই তরুণীর উপর শারীরিক নির্যাতন চালানো হয়। কিছু সময় পর তাঁকে আনন্দপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় তিনি এক বন্ধুকে ফোন করে পুরো ঘটনা জানান। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় প্রথমে বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। পরে সাহস সঞ্চয় করে কসবা থানায় গিয়ে দুই যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য সব সূত্র ধরে তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও নির্যাতিতার পরিবারের সদস্যরা অভিযুক্তদের দুটি গাড়িতে ভাঙচুর চালান। তবে এই ভাঙচুরের অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় বলে পুলিশ জানিয়েছে।

পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে তরুণীর অভিযোগের ভিত্তিতে মূল অপরাধের তদন্ত, অন্যদিকে ভাঙচুরের অভিযোগ—দুই দিকই গুরুত্ব সহকারে দেখছে পুলিশ প্রশাসন। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper