Khabor Ekhon
জোড়া গোল ইউসেফের প্রথমবার জিতে শুরু ইস্টবেঙ্গলের
দীর্ঘদিন পর দেখা গেল চেনা ইস্টবেঙ্গলকে। আক্রমণ থেকে রক্ষণ, সব বিভাগেই দাপট দেখালেন লাল-হলুদ ফুটবলাররা। সোমবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল তারা। ঘরের মাঠে ৩-০ গোলে জিতে এবারের আইএসএল মরসুম শুরু করল ইস্টবেঙ্গল। জোড়া গোল করেছেন ইউসেফ এজেজারি। একটি গোল মিগুয়েল ফিগুয়েরার। ছয় বছরের ইতিহাসে এই প্রথম আইএসএলে জয় দিয়ে শুরু করল লাল-হলুদ ব্রিগেড।
ম্যাচের শুরু থেকেই এদিন উজ্জীবিত ফুটবল খেলে ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি আক্রমণ শানায় তারা। কিন্তু বিপক্ষের বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলছিল লাল-হলুদ ব্রিগেড। সুযোগ অবশ্য দু’টি এসেছিল নর্থ ইস্টের সামনেও। কিন্তু গোল করতে পারেনি তারা। তবে প্রথমার্ধেই ইস্টবেঙ্গল অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারত।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে নর্থ ইস্ট। কিন্তু পজিটিভ কোনও আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছিল না তাদের থেকে। বরং ইস্টবেঙ্গল যতবারই আক্রমণে উঠেছে, পাহাড়ি দলটির রক্ষণে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কিন্তু ম্যাচের বয়স যত বাড়ছিল, গোলের দেখা না পেয়ে হতদ্যম হয়ে পড়েছিলেন অস্কার ব্রুজোর শিষ্যরা। অবশেষে ৬৫ মিনিটে আসে লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাসের মুহূর্ত। বাঁদিক থেকে বিপিন সিংয়ের ক্রস উড়ে আসে নর্থ ইস্টের গোলের সামনে। মাথা ছুঁইয়ে এবার আর বল জালে জড়াতে ভুল করেননি ইউসেফ। ৭১ মিনিটে ফের সুযোগ পেয়ে যান তিনি। জটলার মধ্যে থেকে বক্সের সামনে বল পেয়ে যান ইউসেফ। নামের পাশে দ্বিতীয় গোল লিখতেও বিলম্ব করলেন না তিনি। ম্যাচের শেষ মুহূর্তে হয় তৃতীয় গোল। বাঁদিক থেকে মিগুয়েলের গড়ানে শট একেবারে ঠিকানায় গিয়ে শেষ হয়। তবে ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক ম্যাচে জোড়া গোল করে সমর্থকদের প্রত্যাশা যে অনেকটাই বাড়িয়ে দিলেন ইউসেফ, তা বলাই বাহুল্য।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

