Khabor Ekhon
নিউটাউনে দূষিত জলে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত অর্ধশতাধিক সাপুরজি আবাসনের ই-ব্লকে চরম আতঙ্ক, ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ

খাস নিউটাউনে দ্রুত ছড়াচ্ছে ডায়রিয়া। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে, অসুস্থের প্রকৃত সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে সাপুরজি আবাসনের ই-ব্লকে। অভিযোগ, দূষিত পানীয় জল সরবরাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ই-ব্লকের প্রায় প্রতিটি ফ্ল্যাটেই কেউ না কেউ পেটের সমস্যায় ভুগছেন। বমি, পেটব্যথা, জ্বর ও পাতলা পায়খানার মতো উপসর্গ নিয়ে বহু বাসিন্দা চিকিৎসাধীন। শিশু ও প্রবীণদের মধ্যে সংক্রমণ তুলনামূলক বেশি হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। গোটা আবাসন চত্বরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই পানীয় জলের গুণমান নিয়ে তাঁরা প্রশ্ন তুলছিলেন। অভিযোগ, আবাসনে সরবরাহ হওয়া জল ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত ছিল। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই সোমবার সকালে ক্ষুব্ধ বাসিন্দারা আবাসনের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান। স্বচ্ছ পানীয় জলের অবিলম্বে ব্যবস্থা ও স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের দাবি তোলেন তাঁরা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি জানানো হয়েছে টেকনো সিটি থানায়। বাসিন্দাদের একাংশ লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। জল নমুনা পরীক্ষার জন্য পাঠানোর কথাও বিবেচনায় রয়েছে।
অন্যদিকে, আবাসন কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফেসিলিটি ম্যানেজার জানিয়েছেন, “আমরা যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করছি। বিকল্প পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে।”
তবে বাসিন্দাদের একাংশের বক্তব্য, শুধুমাত্র আশ্বাসে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। অবিলম্বে জল পরিশোধন ব্যবস্থা ঠিক করা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজনের দাবি উঠেছে। ডায়রিয়ার প্রকোপ আরও বাড়তে পারে এই আশঙ্কায় অনেকেই আপাতত ঘরবন্দি রয়েছেন।
শহরের এক আধুনিক আবাসনে এই ধরনের স্বাস্থ্য সঙ্কট স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলছে পরিকাঠামো ও নজরদারির মান নিয়ে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে নিউটাউনের বাসিন্দারা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

