Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাজেটের মঞ্চে ‘বাংলা’ই প্রতিবাদের ভাষা হুইপ জারি শাসকদলের, পুরসভায় সব বক্তৃতা বাংলায় রাখার আর্জি

0 4,579,004

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির কেন্দ্রে উঠে এল ‘বাংলা ও বাঙালি অস্মিতা’। রাজনৈতিক তরজার আবহে এবার ভাষাকেই প্রতিবাদের হাতিয়ার করল শাসকদল তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনকে সামনে রেখে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জারি হল হুইপ—সব বক্তৃতা বাংলায় করার আবেদন জানানো হয়েছে দলের কাউন্সিলরদের কাছে।

কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্যসচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত সদস্যদের উদ্দেশে বার্তায় লিখেছেন, “বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হয়ে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে সকল বক্তৃতা বাংলায় রাখার জন্য সদস্যদের আবেদন জানানো হল।”

আগামী সোম ও মঙ্গলবার বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা। প্রতি বছরই একাধিক কাউন্সিলর হিন্দি বা ইংরেজিতে বক্তব্য রাখেন। কিন্তু চলতি বছরে শাসকদলের তরফে স্পষ্ট বার্তা—বাংলাই হবে একমাত্র ভাষা।

ভাষা-রাজনীতির নতুন পর্ব

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুর্নীতি ইস্যুতে যখন গেরুয়া শিবির শাসকদলকে আক্রমণ শানাচ্ছে, তখন পাল্টা কৌশলে ‘বাংলা ও বাঙালি পরিচয়’কেই সামনে আনছে তৃণমূল। বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ সামনে আসার প্রেক্ষিতে এই অবস্থান আরও তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের।

আবেদনে মুখ্যসচেতক আরও উল্লেখ করেছেন, “সারাদেশ জুড়ে বাংলার সংস্কৃতি আক্রান্ত। ছাড় পাচ্ছেন না বাংলার মনীষীরাও। যে বাংলার মননে রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘জনগণমন’, যে বাংলার দীপ্ত কণ্ঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ‘বন্দেমাতরম’, সেই বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপিশাসিত রাজ্যে হেনস্থার মুখে পড়ছে বাঙালি।”

শুক্রবার মেয়র ইতিমধ্যেই বাংলায় বাজেট ভাষণ পেশ করেছেন। সেই নজিরের উল্লেখ করে বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, “বাঙালির উপর যে ভাবে আঘাত আসছে, সেই প্রেক্ষিতে বাংলাকে প্রতিবাদের ভাষা করা হয়েছে। দলের কাউন্সিলরদের কাছেই এই আবেদন রেখেছি। আশা করি সকলে সাড়া দেবেন।”

বহুভাষিক পুরসভায় প্রশ্ন

তবে কলকাতা পুরসভায় শাসকদলের একাধিক কাউন্সিলরের মাতৃভাষা হিন্দি বা উর্দু। তাঁদের ক্ষেত্রেও বাংলায় বক্তৃতার আর্জি জানানো হয়েছে। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—এটি কি সাংস্কৃতিক অবস্থান, নাকি নির্বাচনী বার্তা?

বিরোধী শিবিরের তরফে কটাক্ষও শোনা গিয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ-এর দাবি, “দুটি সম্ভাবনা থাকতে পারে—এক, মেয়রকে কটাক্ষ করে এই নির্দেশ দেওয়া হয়েছে। দুই, যাঁরা বাংলা বলতে স্বচ্ছন্দ নন অথচ আলোচনায় সময় চান, তাঁদের উদ্দেশ্যেই এই বার্তা।”

ভোটের আগে বার্তা স্পষ্ট

ভাষা নিয়ে আবেগ, সংস্কৃতি নিয়ে আত্মপরিচয়ের প্রশ্ন—এই দুইকে সামনে রেখে শাসকদলের বার্তা স্পষ্ট, বাংলার মাটিতে বাংলাই মুখ্য। নির্বাচনের আগে এই অবস্থান কতটা রাজনৈতিক সমর্থন জোগাবে, তা সময়ই বলবে। তবে আপাতত কলকাতা পুরসভার বাজেট অধিবেশনেই ভাষা-রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper