AB Live News
ইতিহাসের মর্যাদা, এবার ‘বিচারপতি রাধাবিনোদ পাল সরণি’তে কলকাতা হাইকোর্ট

খাস কলকাতার মানচিত্রে এক ঐতিহাসিক বদল। দীর্ঘদিনের পরিচিত ঠিকানা ‘৩, এসপ্ল্যানেড রো ওয়েস্ট’ এখন অতীত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি আইনজ্ঞ জাস্টিস রাধাবিনোদ পালের নামাঙ্কিত রাস্তায় পথচলা শুরু করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার উচ্চ আদালত প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই ঠিকানা পরিবর্তনের কথা জানানো হয়েছে। আদালতের নতুন ঠিকানা— ৩, বিচারপতি রাধাবিনোদ পাল সরণি, কলকাতা-৭০০০০১। পিন কোড অপরিবর্তিত থাকলেও রাস্তার নাম বদলে বাংলার এক উজ্জ্বল নক্ষত্রকে চিরস্থায়ী সম্মান জানানো হলো।
এই নামকরণের নেপথ্যে রয়েছে এক বিশেষ কূটনৈতিক ও আবেগঘন প্রেক্ষাপট। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় পর্যটকদের মৃত্যুর ঘটনায় ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে টোকিও সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জাপানের ‘বাঙালি বন্ধু’ হিসেবে পরিচিত রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি। জাস্টিস পালের প্রপৌত্র সুধিবিনোদ পালের অনুরোধ এবং বিদেশের মাটিতে বাংলার এই কৃতী সন্তানের প্রতি বিপুল সম্মান দেখে আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি রাস্তার নাম তাঁর নামে করার প্রস্তাব দিয়েছিলেন। কলকাতা পুরসভা সেই সুপারিশ দ্রুত কার্যকর করার পর, এবার হাইকোর্ট প্রশাসনও তাতে সিলমোহর দিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টোকিও ট্রায়ালে জাস্টিস রাধাবিনোদ পালের ভূমিকা বিশ্ব ইতিহাসে অবিস্মরণীয়। তাঁর সাহসিকতা ও আইনি মেধার কারণে আজও জাপানে তিনি অত্যন্ত শ্রদ্ধেয়। ২০২৫ সালে কলকাতা পুরসভার পক্ষ থেকে এসপ্ল্যানেড ওয়েস্ট রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা এবার উচ্চ আদালতের বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণতা পেল।
এই পদক্ষেপকে বাংলার মেধার জয় হিসেবে দেখছে রাজ্যের শাসকদল। দলের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, “যখন দিল্লির শাসকরা ইতিহাস মুছে ফেলতে চাইছে, তখন বাংলা তার বীর সন্তানদের মর্যাদা দিতে জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ বাংলার গৌরবকে বিশ্বদরবারে আরও একবার প্রতিষ্ঠিত করল।”
পুরসভার মতে, এই নামবদল কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং আন্তর্জাতিক স্তরে সমাদৃত এক বাঙালি আইনজ্ঞের প্রতি যোগ্য বিনম্র শ্রদ্ধা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

