AB Live News
বীরভূম পুলিশের অভাবনীয় সাফল্য, অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার দেড় বছরের শিশু

নিজস্ব প্রতিনিধি: (বীরভূম)- এক রুদ্ধশ্বাস অভিযানে বড়সড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী জেলা মুর্শিদাবাদ থেকে উদ্ধার করা হল অপহৃত এক শিশুকন্যাকে। পুলিশের এই অতি-সক্রিয়তা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল অপহরণকারীরা। এই ঘটনায় ইব্রাহিম শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত গত বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ। রামপুরহাট থানার অন্তর্গত পানিসাইল গ্রামের বাসিন্দা গোলাপশা খাতুনের দেড় বছরের শিশুকন্যা আচমকাই নিখোঁজ হয়ে যায়। পরিবারের অভিযোগ, বাড়ির ভেতর থেকেই শিশুটিকে কৌশলে অপহরণ করে ইব্রাহিম শেখ। অভিযুক্ত যুবকের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার আয়রন এলাকায়। শিশুটি নিখোঁজ হওয়ার সাথে সাথেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি রামপুরহাট থানার দ্বারস্থ হন।
অভিযোগ পাওয়ার সাথে সাথেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ স্বয়ং এই অভিযানের তদারকি করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত একটি বিশেষ দল গঠন করা হয়। অপরাধীর গতিবিধি ট্র্যাক করতে ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তি এবং মোবাইল টাওয়ার লোকেশন।
তদন্তকারী দলটি জানতে পারে, অভিযুক্ত শিশুটিকে নিয়ে ট্রেনের বদলে সড়কপথে মুর্শিদাবাদের দিকে পালানোর চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ পুলিশের সহযোগিতায় জাল বিছানো হয়। শেষ পর্যন্ত জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্ত ইব্রাহিমকে ঘিরে ফেলে রামপুরহাট থানার পুলিশ। সেখান থেকেই সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং পাকড়াও করা হয় ইব্রাহিমকে।
বৃহস্পতিবার ধৃত ইব্রাহিম শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ঘটনার গভীরে পৌঁছাতে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও, বিচারক প্রাথমিক শুনানির পর ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বীরভূমের পুলিশ সুপার আমনদীপ এই অভিযান প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান,
“পুলিশের তৎপরতা এবং আধুনিক প্রযুক্তির নিঁখুত ব্যবহারের ফলেই শিশুটিকে এত দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও বড় চক্র সক্রিয় কি না বা ঠিক কী কারণে ওই শিশুকে অপহরণ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে বিশদ জেরা করা হবে।”
এই ঘটনার দ্রুত নিষ্পত্তিতে একদিকে যেমন স্বস্তিতে শিশুটির পরিবার, অন্যদিকে তেমনই সাধারণ মানুষের চোখে বীরভূম পুলিশের ভাবমূর্তি এক উজ্জ্বল উচ্চতায় পৌঁছেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

