Khabor Ekhon
কলকাতায় শক্তির মহামঞ্চ, ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-এ ভবিষ্যতের জ্বালানির খোঁজ
স্মৃতি সামন্ত: শক্তির ভবিষ্যৎ কোন পথে? কীভাবে বাড়ানো যাবে জ্বালানি নিরাপত্তা? প্রচলিত জ্বালানির পাশাপাশি পরিচ্ছন্ন ও বিকল্প শক্তির ব্যবহারই বা কতটা বাড়ানো সম্ভব? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক মেগা ইভেন্ট ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’। আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ নিউ টাউন কনভেনশন সেন্টারে বসবে এই আন্তর্জাতিক শক্তি সম্মেলন। এবারের মূল ভাবনা— ‘উদ্ভাবনের নতুন সম্ভাবনার দরজা খুলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামী দিনের শক্তি ব্যবস্থাকে নতুন রূপ দেওয়া।’ ইতিমধ্যেই এই বৃহৎ অনুষ্ঠানকে ঘিরে কলকাতায় শুরু হয়েছে প্রস্তুতি। সোমবার রয়্যাল বেঙ্গল হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। পাশাপাশি উপস্থিত ছিলেন দীপঙ্কর জানা-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শক্তি শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা। ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-কে ঘিরে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে জ্বালানি ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তন ও উদ্ভাবন। আন্তর্জাতিক শক্তি বাজারের পরিবর্তন, ভবিষ্যতের জ্বালানি চাহিদা, শক্তি নিরাপত্তা, পরিচ্ছন্ন জ্বালানি, নতুন প্রযুক্তি এবং বিনিয়োগের সম্ভাবনা—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মঞ্চে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। বর্তমান বিশ্বে অর্থনীতি ও উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শক্তি। শিল্প থেকে পরিবহণ, কৃষি থেকে পরিষেবা, এমনকী সাধারণ মানুষের দৈনন্দিন জীবন,প্রায় প্রতিটি ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ অপরিহার্য। ফলে বাড়তে থাকা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য নিরাপদ ও টেকসই শক্তি ব্যবস্থা গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ।শুধু প্রচলিত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, হাইড্রোজেন-সহ পরিচ্ছন্ন ও বিকল্প শক্তির ব্যবহার বাড়ানোর উপরও বিশ্বজুড়ে জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে শক্তি উৎপাদন, সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও বাড়ছে আগ্রহ। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে ‘ইন্ডিয়া এনার্জি উইক’ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।কলকাতায় এমন আন্তর্জাতিক মাপের শক্তি সম্মেলনের আয়োজন পশ্চিমবঙ্গের জন্যও তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে রাজ্যের শিল্প, পরিকাঠামো ও শক্তি ক্ষেত্রকে আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং প্রযুক্তি সংস্থাগুলির সামনে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। একইসঙ্গে শিল্পপতি, বিশেষজ্ঞ, নীতি-নির্ধারক এবং বিভিন্ন শক্তি সংস্থার প্রতিনিধিদের মধ্যে যোগাযোগও আরও বাড়তে পারে। বিশেষ করে পূর্ব ভারতের শিল্প ও শক্তি ব্যবস্থার ক্ষেত্রেও এই সম্মেলন নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। প্রযুক্তি, বিনিয়োগ এবং উদ্ভাবনকে কেন্দ্র করে আগামী দিনে এই অঞ্চলে শক্তি পরিকাঠামোর সম্প্রসারণ ও আধুনিকীকরণের নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’ শুধু একটি আন্তর্জাতিক সম্মেলন নয়, ভবিষ্যতের শক্তি ব্যবস্থাকে ঘিরে ভাবনা, প্রযুক্তি ও বিনিয়োগের একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে। কলকাতার মাটিতে এই আন্তর্জাতিক আয়োজন তাই পূর্ব ভারতের শক্তি ও শিল্পক্ষেত্রের জন্যও নতুন দিগন্তের বার্তা বহন করছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

