Khabor Ekhon
অগ্নিগর্ভ বাংলাদেশে আজ মহানির্ভরযোগ্য নির্বাচন সেনার প্রহরায় গণতন্ত্রের অগ্নিপরীক্ষা
নিজস্ব প্রতিনিধি (ঢাকা🙂 ২০২৪-এর ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান এবং পরবর্তী ১৮ মাসের দীর্ঘ টালমাটাল পরিস্থিতির পর আজ, ১২ ফেব্রুয়ারি ২০২৬, এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে শেখ হাসিনা পরবর্তী জমানার নতুন সূর্যোদয়ের হাতছানি, অন্যদিকে দেশজুড়ে চরম অস্থিরতা, অর্থনৈতিক বিপর্যয় এবং অরাজকতার কালো মেঘ—সব মিলিয়ে এই নির্বাচন কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, বরং ওপার বাংলার অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৪ হাজারই ‘স্পর্শকাতর’ বা ‘ঝুঁকিপূর্ণ’। অর্থাৎ অর্ধেকেরও বেশি কেন্দ্রে অশান্তির প্রবল আশঙ্কা রয়েছে। খোদ রাজধানী ঢাকাও এর বাইরে নয়; এখানকার ২,১৩১টি কেন্দ্রের মধ্যে ১,৬১৪টিকেই পুলিশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। যদিও সেনা বাহিনীর গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরের দুটি বড় কেন্দ্রকে ‘সর্বাধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে।
ডিজিটাল নজরদারি ও নিশ্ছিদ্র নিরাপত্তা
শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে প্রশাসন কোনও খামতি রাখছে না। নির্বাচন কমিশনার আব্দুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, পুলিশ, বিজিবি ও সেনার সমন্বয়ে প্রায় সাড়ে ৯ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন থাকছেন।
৯০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারি থাকবে। পুলিশকর্মীদের গায়ে থাকছে ‘বডিক্যাম’।
স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে ওপর থেকে নজরদারি চালানো হবে।
আগের রাতেই উত্তেজনা
বিপুল অর্থসহ গ্রেফতার জামাত নেতা
ভোটের ঠিক আগের দিন ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে আটক করে নিরাপত্তাবাহিনী। তাঁর কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৭৪ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ ভোটের কাজে ব্যবহারের জন্য কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এর সদুত্তর দিতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

