AB Live News
ময়নায় তৃণমূল প্রার্থীর ওপর হামলা, রণক্ষেত্র বাকচা
ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না। শনিবার সকালে ময়নার বাকচা পঞ্চায়েতের হালিশহর গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডলের ওপর হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় প্রার্থীর পাশাপাশি বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে খবর। তৃণমূলের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা ব্রজগোপাল মণ্ডলের নেতৃত্বেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। যদিও পদ্মশিবির এই অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে হালিশহর গ্রামে প্রচারে গিয়েছিলেন চন্দন মণ্ডল। অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই লাঠি ও ঝাঁটা নিয়ে একদল মারমুখী লোক তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। মিছিলে থাকা বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছায় বিশাল কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বুঝে নতুন করে আরও বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে হালিশহরে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি নেতা ব্রজগোপাল মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে এই হামলা চালিয়েছেন। তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
পাল্টা বিজেপির দাবি, এটি স্থানীয়ভ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ, দলের এর সঙ্গে কোনও যোগ নেই। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্রজগোপাল মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভোটগ্রহণের আগে জঙ্গলমহল ও সংলগ্ন জেলাগুলিতে যখন দফায় দফায় সংঘর্ষের খবর আসছে, তখন ময়নার এই ঘটনা জেলার আইন-শৃঙ্খলার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিল। বর্তমানে গোটা গ্রাম কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

