Khabor Ekhon
স্বামীর গায়ের রং কালো, প্রেমিকের সঙ্গে মিলে খুন করল স্ত্রী
মনবীর আগরওয়াল (ভোপাল) দাম্পত্যের পবিত্রতা ছাপিয়ে বড় হয়ে উঠল বর্ণবিদ্বেষ আর পরকীয়া। গায়ের রং কালো হওয়ার ‘অপরাধে’ স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিল স্ত্রী। গত ৭ এপ্রিল মধ্যপ্রদেশের ধর জেলায় মশলা ব্যবসায়ী দেবকৃষ্ণ পুরোহিত (২৮) হত্যাকাণ্ডের তদন্তে নেমে এমনই এক হাড়হিম করা তথ্য হাতে পেল পুলিশ। ঘটনার মূল চক্রী নিহতের ২৫ বছর বয়সি স্ত্রী প্রিয়াঙ্কা পুরোহিত এবং তাঁর প্রেমিক কমলেশকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ভাড়াটে খুনি ব্যবহার করে বিষয়টিকে নিছক ‘ডাকাতি’ বলে চালানোর যে ছক প্রিয়াঙ্কা কষেছিলেন, তা শেষ পর্যন্ত ব্যর্থ হল।
ডাকাতির সাজানো গল্প:
ঘটনার রাতে ধর জেলার ওই বাড়িতে দেবকৃষ্ণ ও প্রিয়াঙ্কা ছাড়া আর কেউ ছিল না। পুলিশকে দেওয়া প্রাথমিক বয়ানে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, মাঝরাতে একদল ডাকাত হানা দেয় তাঁদের বাড়িতে। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। প্রিয়াঙ্কার দাবি ছিল, ডাকাতরা তাঁকে দড়ি দিয়ে বেঁধে রেখে আলমারি থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার আকস্মিকতায় পুলিশ শুরুতে ডাকাতির মামলা রুজু করলেও তল্লাশিতে বড় কোনও সূত্র মিলছিল না।
তদন্তে মোড় ঘোরাল নিহতের পরিবার:
তদন্ত চলাকালীন মৃত দেবকৃষ্ণের বোন প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি জানান, বিয়ের পর থেকেই তাঁদের পারিবারিক জীবন সুখের ছিল না। প্রিয়াঙ্কা প্রায়ই দেবকৃষ্ণের গায়ের রং নিয়ে চরম কটূক্তি করতেন। ‘তুমি দেখতে কালো, আমার যোগ্য নও’— এই কথা বলে মানসিক নির্যাতন চালাতেন। এরপরই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে প্রিয়াঙ্কার ওপর। অফিসাররা লক্ষ্য করেন, প্রিয়াঙ্কার শরীরে ধস্তাধস্তির কোনও চিহ্ন নেই এবং ডাকাতির বর্ণনায় তাঁর বয়ানে বারবার অসঙ্গতি ধরা পড়ছে।
খুনের ষড়যন্ত্র ও ভাড়াটে খুনি:
লাগাতার জেরার মুখে পড়ে শেষমেশ ভেঙে পড়েন প্রিয়াঙ্কা। স্বীকার করেন, বিয়ের আগে থেকেই রাজগড়ের বাসিন্দা কমলেশ পুরোহিতের সঙ্গে তাঁর গভীর প্রেম ছিল। দেবকৃষ্ণকে পথের কাঁটা সরাতেই খুনের পরিকল্পনা করেন দু’জনে। জানা গিয়েছে, এক ভাড়াটে খুনির সঙ্গে ১ লক্ষ টাকার রফা হয়েছিল। অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল ৫০ হাজার টাকা। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে প্রিয়াঙ্কা নিজেই বাড়ির সদর দরজা খুলে রেখেছিলেন। গভীর ঘুমে মগ্ন দেবকৃষ্ণের ওপর ঝাঁপিয়ে পড়ে আততায়ী।
মিথ্যার জাল ও গ্রেপ্তার:
পুলিশকে বিভ্রান্ত করতে প্রিয়াঙ্কা নিজেই দাবি করেছিলেন গয়না লুট হয়েছে, অথচ পুলিশি তল্লাশিতে বাড়ির একটি বিশেষ জায়গা থেকেই সেই গয়নাগুলো উদ্ধার হয়। এরপরই পুলিশ নিশ্চিত হয় যে, ডাকাতির গল্পটি সম্পূর্ণ সাজানো ছিল। ইতিমধ্যেই পুলিশ প্রিয়াঙ্কা ও তাঁর প্রেমিক কমলেশকে গ্রেপ্তার করেছে। ভাড়াটে খুনির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় ধৃতদের ফাঁসির দাবি জানিয়েছে নিহত ব্যবসায়ীর পরিবার। গায়ের রঙের অজুহাতে এই নৃশংস হত্যাকাণ্ড গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

