Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জট কাটল স্বপ্নার, ভোটে লড়ায় সিলমোহর কমিশনের

0 841,980,244

সমস্ত জল্পনা ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁকে সবুজ সংকেত দিল ভারতের নির্বাচন কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৯ নম্বর ধারার অধীনে প্রয়োজনীয় শংসাপত্র পাওয়ার ফলে রাজগঞ্জ কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়ার পথে আর কোনো বাধা রইল না। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ লগ্নে কমিশনের এই সিদ্ধান্ত স্বপ্নার রাজনৈতিক কেরিয়ারে এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন স্বপ্না। গত ২৭ মার্চ রেল কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে। অভিযোগ ছিল, সরকারি চাকরিতে বহাল থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘রেলওয়ে সার্ভিসেস (কন্ডাক্ট) রুলস, ১৯৬৬’ লঙ্ঘন করেছেন। এই বরখাস্তের আদেশের পরেই স্বপ্নার নির্বাচনে লড়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যদি দুর্নীতি বা রাষ্ট্রের প্রতি অবিশ্বস্ততার কারণে চাকরি হারান, তবে তিনি পাঁচ বছর পর্যন্ত নির্বাচনে লড়তে পারেন না।
স্বপ্নার আবেদনের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কোনোভাবেই দুর্নীতি বা দেশদ্রোহিতার শামিল নয়। কেবলমাত্র প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে পদচ্যুত করা হয়েছে, যা নির্বাচনী আইনের নিরিখে অযোগ্যতা বলে গণ্য হয় না। ফলে কমিশনের পক্ষ থেকে তাঁকে নির্বাচনে লড়ার জন্য প্রয়োজনীয় শংসাপত্র বা ‘ক্লিয়ারেন্স’ জারি করা হয়েছে। এই খবর চাউর হতেই রাজগঞ্জ এলাকায় তৃণমূল শিবিরে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে।
গত কয়েক দিন ধরে স্বপ্নার বদলে বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়ের নাম নিয়ে যে জল্পনা চলছিল, কমিশনের এই নির্দেশে তাতে আপাতত যবনিকাপাত ঘটল। আইনি বাধা কাটায় স্বপ্না বর্মন এখন রাজগঞ্জের লড়াইয়ে পুরোদমে নামতে পারবেন। তবে রেলের চাকরি থেকে এই ‘শাস্তিমূলক’ বিদায় এবং তড়িঘড়ি কমিশনের ছাড়পত্র পাওয়া নিয়ে বিরোধীরা সরব হয় কি না, সেটাই এখন দেখার। আপাতত ‘সোনার মেয়ে’র ট্র্যাকের দৌড় এখন রাজনীতির ময়দানে কতটা সফল হয়, সেদিকেই নজর জলপাইগুড়িবাসী তথা গোটা রাজ্যের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper