Khabor Ekhon
ছাব্বিশেও ‘একই’ মমতা: ২৯৪ আসনেই আমি প্রার্থী, চন্দ্রকোনা থেকে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর

২০১৬-র সেই পরিচিত মেজাজ ফিরল ২০২৬-এ। দশ বছর আগের সেই চেনা মেজাজ, চেনা সেই ঝাঁজ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে ফের একবার মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি জানিয়ে দিলেন, “কে প্রার্থী ভুলে যান, ২৯৪টা আসনেই আমি প্রার্থী।” গত ২৯ মার্চ পুরুলিয়ার মানবাজারের পর চন্দ্রকোনাতেও নেত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের মতে, দলের অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভ বা বিভ্রান্তি দূর করতেই এই ‘একই ফর্মুলা’ প্রয়োগ করলেন তিনি।
এদিন চন্দ্রকোনার সভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। নেত্রীর কথায়, “যাঁদের নাম ২০০২ সালে ছিল, তাঁদের আবার নাম তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। এসআইআর মানে আসলে সর্বনাশ।” মানুষের অধিকার হরণের এই প্রচেষ্টাকে তিনি কোনওভাবেই মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন।
এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ‘বহিরাগত’ ভোটারদের অনুপ্রবেশ নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কাল অভিষেককে জরুরি ভিত্তিতে মিটিং ছেড়ে চলে আসতে হয়েছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে নাম এনে খড়্গপুর, আসানসোলে ঢোকানো হচ্ছে যাতে ওরা ভোট দিতে পারে।” তিনি আরও জানান, এই সংক্রান্ত ‘বস্তা বস্তা’ প্রমাণ ও প্রায় ৩০০০ ভুয়া নামের তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম থেকে শুরু করে বাগদার মতুয়া বা কোচবিহারের রাজবংশীদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে বলেও তিনি সরব হন।
চন্দ্রকোনার প্রধান অর্থনৈতিক ভিত্তি আলু চাষ। এদিন আলুচাষিদের সমস্যার কথা তুলে ধরে বিজেপি নেতাদের কড়া বার্তা দেন মমতা। তাঁর অভিযোগ, চাষিদের সমস্যা নিয়ে বিজেপি রাজনীতি করছে। তৃণমূলনেত্রী বলেন, “রাজ্য সরকার শস্যবিমা করেছে, কোল্ড স্টোরেজ বানিয়ে দিয়েছে। কোনও কোনও বিজেপি নেতা এটা নিয়ে নোংরা খেলা খেলছেন। দয়া করে গরিব মানুষের পেটে লাথি মারবেন না, অন্য ব্যবসা দেখুন।”
সব মিলিয়ে, ভোটের মুখে দাঁড়িয়ে চন্দ্রকোনা থেকে একদিকে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই ‘২৯৪ আসনেই আমি প্রার্থী’ বলে দলের রাশ নিজের হাতে রাখার বার্তাও স্পষ্ট করে দিলেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

