Khabor Ekhon
৬০০ কোটির সাইবার জালিয়াতি, গ্রেফতার পবন রুইয়া
রাজ্যে ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারির পর্দাফাঁস। প্রায় ৬০০ কোটি টাকার দেশব্যাপী সাইবার প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয়, বরং পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখার জালে ধরা পড়লেন বিশিষ্ট শিল্পপতি পবন রুইয়া। মঙ্গলবার নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিধাননগরের ইকো পার্ক থানায় দায়ের হওয়া একটি পুরনো অভিযোগের ভিত্তিতে এই চাঞ্চল্যকর পদক্ষেপ নিল পুলিশ।
ভুয়ো সংস্থার আড়ালে কোটি কোটি টাকা
তদন্তকারী সূত্রে খবর, পবন রুইয়া এবং তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক ‘শেল কোম্পানি’ বা ভুয়ো সংস্থা খোলা হয়েছিল। অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের থেকে লুঠ করা সাইবার প্রতারণার টাকা এই সমস্ত সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখা হতো। গত নভেম্বর মাসে সাইবার অপরাধ বিভাগ এই বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে। প্রাথমিক তদন্তে ৩১৫ কোটি টাকার হদিস মিললেও, এনসিআরপি (NCRP)-র মাধ্যমে আরও ১৯০০-এর বেশি অভিযোগ জমা পড়ার পর প্রতারণার অঙ্ক ৬০০ কোটি ছাড়িয়ে গিয়েছে বলে দাবি পুলিশের।
তদন্তের কেন্দ্রে ‘রুইয়া সেন্টার’
পুলিশের দাবি, ৪৬ সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে অবস্থিত ‘রুইয়া সেন্টার’ থেকেই এই বিশাল নেটওয়ার্ক পরিচালিত হত। প্রতারণার টাকা যে সমস্ত অ্যাকাউন্টে ঢুকত, সেগুলির নিয়ন্ত্রণ ছিল এই অফিসেই। এর আগে পবনের বাড়িতে তল্লাশি চালিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। এই মামলায় পবনের পাশাপাশি তাঁর পুত্র রাঘব এবং কন্যা পল্লবীর নামও জড়িয়েছে।
সাইবার ক্রাইম আধিকারিক জানিয়েছেন, “তদন্তে দেখা গিয়েছে, সাধারণ মানুষকে অনলাইনে নানা প্রলোভন দেখিয়ে যে টাকা হাতিয়ে নেওয়া হত, তার একটি বড় অংশ ঘুরেফিরে রুইয়া পরিবারের নিয়ন্ত্রাধীন সংস্থাগুলির অ্যাকাউন্টে আসত।”
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন ও তাঁর পরিবার। আদালত তাঁদের আগাম জামিন মঞ্জুর করলেও শর্ত ছিল যে, তাঁদের পাসপোর্ট জেলা আদালতে জমা রাখতে হবে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তবে জিজ্ঞাসাবাদের গতিপ্রকৃতি এবং নতুন করে তথ্যপ্রমাণ হাতে আসায় শেষ পর্যন্ত পবনকে হেফাজতে নিল পুলিশ।
পবন রুইয়ার সঙ্গে পুলিশের সংঘাত এই প্রথম নয়। বাম জমানায় ডানলপ এবং জেসপ কারখানা অধিগ্রহণের পর থেকেই তিনি বিতর্কের কেন্দ্রে। ২০১৬ সালে জেসপ কারখানা থেকে রেলওয়ের সরঞ্জাম চুরির মামলাতেও তাঁকে গ্রেফতার হতে হয়েছিল। পরবর্তীতে রাজ্য সরকার কারখানা দুটি অধিগ্রহণের চেষ্টা করলেও তা আইনি জটিলতায় থমকে যায়। এবার সেই চুরির অপবাদ ছাপিয়ে ৬০০ কোটির হাই-প্রোফাইল সাইবার প্রতারণার মামলায় তাঁর গ্রেফতারি শিল্প ও রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
আজই ধৃত শিল্পপতিকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানাই এখন মূল লক্ষ্য তদন্তকারীদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

