Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পদ্মশিবিরে লিয়েন্ডার, লক্ষ্য বাংলার ক্রীড়া উন্নয়ন

0 76,543,475

ঘাসফুল ছেড়ে এবার পদ্মবনে টেনিস সম্রাট। জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। দিল্লির দলীয় সদর দফতরে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং অনিল বালুনির উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

২০২১ সালের অক্টোবর মাসে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। গোয়া বিধানসভা নির্বাচনে তাঁকে দলের অন্যতম প্রধান মুখ ও ‘স্টার ক্যাম্পেইনার’ হিসেবে ব্যবহার করেছিল জোড়াফুল শিবির। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দানে লিয়েন্ডারের সক্রিয়তা কমতে থাকে। সম্প্রতি কলকাতায় বিজেপি নেতা নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের একান্ত বৈঠক ঘিরেই তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে উঠেছিল। মঙ্গলবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

এদিন লিয়েন্ডারকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “লিয়েন্ডার পেজ বাংলারই ছেলে। বিশ্বমঞ্চে তিনি ভারতের গৌরব বাড়িয়েছেন। তাঁকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

বিজেপি নেতা অনিল বালুনি মনে করিয়ে দেন লিয়েন্ডারের পারিবারিক ঐতিহ্যের কথা। তিনি উল্লেখ করেন, লিয়েন্ডার প্রখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর।

বিজেপিতে যোগ দিয়েই লিয়েন্ডারের গলায় শোনা গেল বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে আক্ষেপ ও আশার সুর। ১৯৮৬ সালে তাঁর খেলোয়াড় জীবনের শুরুর কথা স্মরণ করে তিনি বলেন, “আমি বাংলার ছেলে। যখন খেলা শুরু করেছিলাম, তখন পরিকাঠামো কিছুই ছিল না। এখন বাংলায় পরিকাঠামো কিছুটা উন্নত হলেও সারা দেশে এখনও পর্যাপ্ত ইনডোর টেনিস কোর্টের অভাব রয়েছে। বাংলা আরও ভালো করতে পারে। আগামী ২৫ বছরে যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করাই আমার লক্ষ্য।”

ভোটের মুখে লিয়েন্ডারের এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলে থাকাকালীন তাঁকে প্রার্থী করা না হলেও, বিজেপি কি তাঁকে লোকসভা নির্বাচনে কোনও আসন থেকে টিকিট দেবে? এই প্রশ্নে সুকান্ত মজুমদার সরাসরি কিছু না বললেও জল্পনা রয়েই যাচ্ছে। তবে প্রার্থী না হলেও, বাংলা তথা সারা দেশে বিজেপির হয়ে একজন ওজনদার ‘সেলিব্রিটি’ মুখ হিসেবে লিয়েন্ডার যে বড় ভূমিকা পালন করবেন, তা বলাই বাহুল্য।

বিজেপি সূত্রে খবর, লিয়েন্ডারকে মূলত যুব সমাজ ও ক্রীড়াপ্রেমীদের টানতে ব্যবহার করতে চায় দল। লিয়েন্ডারের অন্তর্ভুক্তিতে বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন কী মাত্রা যোগ হয়, এখন সেটাই দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper